গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে রণক্ষেত্র চুঁচুড়া! খুনের অভিযোগে শ্বশুরবাড়িতে ব্যাপক ভাঙচুর
March 21, 20267:07 pm

চুঁচুড়ার কাপাসডাঙায় গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। প্রায় আড়াই বছর আগে সাঁকরাইলের মৌমিতা চক্রবর্তীর সঙ্গে দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই মৌমিতার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ির লোকজন। শনিবার মৌমিতার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার খবর আসতেই ক্ষোভে ফেটে পড়ে তাঁর বাপের বাড়ির পরিবার।
মৃতার পরিবারের দাবি, মৌমিতাকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগে দীপঙ্করের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তাঁরা, এমনকি রেহাই পাননি মৃতার শাশুড়িও। খবর পেয়ে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি খুন, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।