ভাঙল সব রেকর্ড, নজির গড়ে ভারতের ইতিহাসে দীর্ঘতম সময়ের সরকার প্রধান নরেন্দ্র মোদী

ভারতের শাসনক্ষমতায় অনন্য মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংকে টপকে দেশের ইতিহাসে দীর্ঘতম সময়ের সরকার প্রধান হিসেবে নাম লেখালেন তিনি। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী পদ মিলিয়ে মোদী আজ ৮,৯৩১ দিন পূর্ণ করলেন, যা চামলিংয়ের ৮,৯৩০ দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
২০০১ সালে এক বিধ্বংসী ভূমিকম্প এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে গুজরাটের দায়িত্ব নিয়েছিলেন মোদী। সেই থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রায় তিনি টানা তিনটি লোকসভা নির্বাচনে জয়লাভ করে অনন্য উচ্চতায় পৌঁছেছেন। স্বাধীনতার পর জন্মগ্রহণকারী প্রথম প্রধানমন্ত্রী হিসেবেও তাঁর এই সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
নিজের এই দীর্ঘ সফরের পেছনে মায়ের দেওয়া সততা ও জনসেবার উপদেশকে মূল শক্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। শত প্রতিকূলতা জয় করে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও জাতীয় অগ্রগতি নিশ্চিত করাই তাঁর একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।