এক ধাক্কায় আকাশ থেকে মাটিতে নামল সোনা ও রুপোর দাম

সপ্তাহের শুরুতেই বড়সড় ধস নামল সোনা ও রুপোর বাজারে। সোমবার ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) দুই মূল্যবান ধাতুর দামেই ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, তেলের আকাশছোঁয়া দাম এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও।
আজকের বাজারদর অনুযায়ী, রুপোর দাম প্রতি কেজিতে প্রায় ১৩,৬০৬ টাকা কমে দাঁড়িয়েছে ২,১৩,১৬৬ টাকায়। অন্যদিকে সোনার দামও প্রতি ১০ গ্রামে ৭,১১৫ টাকা হ্রাস পেয়ে হয়েছে ১,৩৭,৩৭৭ টাকা। আন্তর্জাতিক বাজারেও একই ছবি ধরা পড়েছে, যেখানে সোনার দাম প্রায় ২.৫ শতাংশ কমে আউন্স প্রতি ৪,৩৭২ ডলারে নেমে এসেছে। গত টানা নয় দিন ধরে সোনার দামে এই নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে এবং গত এক সপ্তাহেই দাম কমেছে প্রায় ১০ শতাংশের বেশি। রুপোর দামও আন্তর্জাতিক স্তরে আউন্স প্রতি প্রায় ৬৫ ডলারে থিতু হয়েছে।
বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডলারের মূল্যের ওঠানামা এবং আমেরিকা-ইরান সংঘাতের প্রভাবে বাজারে চরম অনিশ্চয়তা কাজ করছে। এই পরিস্থিতিতে নতুন করে বড় কোনো বিনিয়োগ করার আগে বাজার স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন তারা।
দেশের প্রধান শহরগুলোতে আজকের সোনার দাম
দিল্লি: ২২ ক্যারেট (৮ গ্রাম) ১,০৭,১৫২ টাকা এবং ২৪ ক্যারেট ১,২৯,৮৮৮ টাকা।
মুম্বই: ২২ ক্যারেট ১,০৭,০৩২ টাকা এবং ২৪ ক্যারেট ১,১৬,৭৬৮ টাকা।
কলকাতা ও সংলগ্ন এলাকা: ২২ ক্যারেট ১,০৭,০৩২ টাকা এবং ২৪ ক্যারেট ১,১৬,৭৬৮ টাকা।
চেন্নাই: ২২ ক্যারেট ১,০৮,৯৫২ টাকা এবং ২৪ ক্যারেট ১,১৮,৮৫৬ টাকা।
বিনিয়োগকারীদের জন্য এই আকস্মিক দরপতন যেমন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনই সাধারণ ক্রেতাদের জন্য এটি সোনা বা রুপো কেনার একটি সুযোগ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভবিষ্যতের বাজার পরিস্থিতির দিকে কড়া নজর রাখার কথা বলছেন বিশেজ্ঞরা।