সংসদে কি নারী রাজ? ৮১৬ আসনে বাড়ছে লোকসভা, ২০২৯ সালেই কি বড় চমক
March 24, 20268:32 am

নিউজ ডেস্ক: দেশের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। লোকসভার বর্তমান ৫৪৩টি আসন বাড়িয়ে ৮১৬ করার পরিকল্পনা করছে সরকার। নারী শক্তি বন্দন অধিনিয়ম কার্যকর করতে সংসদে আনা হতে পারে বিশেষ বিল। এই পরিকল্পনা সফল হলে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হবে ৪০৯টি আসন।
একনজরে মাস্টারপ্ল্যান
- আসন বৃদ্ধি: লোকসভায় আরও ২৭৩টি নতুন আসন যুক্ত হতে পারে। এর ফলে মোট আসন সংখ্যা দাঁড়াবে ৮১৬।
- নারী সংরক্ষণ: বর্ধিত আসনের ৩৩ শতাংশ অর্থাৎ প্রায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
- রাজ্যভিত্তিক প্রভাব: উত্তরপ্রদেশের আসন ৮০ থেকে বেড়ে ১২০ এবং বিহারে ৪০ থেকে বেড়ে ৬০ হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও আনুপাতিক হারে ৫০ শতাংশ আসন বাড়বে।
- জনগণনা ও সীমানা নির্ধারণ: ২০১১ সালের জনগণনার ভিত্তিতেই দ্রুত সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়া সারতে চাইছে সরকার।
রাজনৈতিক সমীকরণ
সংবিধান সংশোধনের জন্য সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এই সমর্থন নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনডিএ শরিকদের পাশাপাশি বিরোধী দলগুলোর সঙ্গেও আলোচনা শুরু করেছেন। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই বিশাল রদবদল কার্যকর করার লক্ষ্য রয়েছে সরকারের। এর ফলে পুরুষ সাংসদদের আসন হারানোর ভয় কমবে এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ বহুগুণ বৃদ্ধি পাবে।