১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর নিয়ম! পকেটে কি টান পড়বে নাকি মিলবে বড় স্বস্তি
March 24, 20268:34 am

১ এপ্রিল ২০২৬ থেকে দেশজুড়ে চালু হচ্ছে নতুন আয়কর আইন ২০২৫। তবে বর্তমান অর্থবর্ষের (২০২৫-২৬) আয় নিয়ে করদাতাদের এখনই দুশ্চিন্তার কারণ নেই। আয়কর দফতর জানিয়েছে, চলতি বছরের রিটার্ন পুরনো নিয়মেই জমা দেওয়া যাবে। নতুন নিয়ম কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে।
নতুন নিয়মের বিশেষ দিকগুলো একনজরে
- এইচআরএ (HRA) সুবিধা: বাড়ি ভাড়ার ভাতার ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড়ের আওতায় থাকা শহরের সংখ্যা ৪ থেকে বাড়িয়ে ৮ করা হয়েছে। এর ফলে আরও বেশি চাকুরিজীবী ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন।
- শিক্ষা ও হোস্টেল ভাতা: সন্তানদের পড়াশোনার খরচ বাবদ প্রতি মাসে ৩,০০০ টাকা এবং হোস্টেল খরচ বাবদ ৯,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে।
- ট্যাক্স ইয়ার: কর কাঠামোকে সহজ করতে ‘অ্যাসেসমেন্ট ইয়ার’ বা ‘ফিন্যান্সিয়াল ইয়ার’ শব্দের বদলে এখন থেকে শুধুমাত্র ‘ট্যাক্স ইয়ার’ শব্দটি ব্যবহৃত হবে।
- অনলাইন পোর্টাল: আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টাল পুরনো ও নতুন—উভয় আইনের নিয়ম পালনেই করদাতাদের সাহায্য করবে।
- রিফান্ড সুবিধা: জরিমানার সময়সীমা পেরিয়ে গেলেও আইটিআর ফাইল করে টিডিএস রিফান্ড দাবি করার সুযোগ থাকছে।
নতুন এই নিয়মে একদিকে যেমন কর ছাড়ের সীমা বাড়ানো হয়েছে, তেমনই নিয়ম পালনের ক্ষেত্রে কড়াকড়ি আরও বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের জুন মাস থেকে যে অগ্রিম কর (Advance Tax) জমা দিতে হবে, তা এই নতুন আইন অনুসারেই কার্যকর হবে।