নির্বাচন ও মহিলা সংরক্ষণ নিয়ে কেন্দ্রের বড় পদক্ষেপ, এক ধাক্কায় লোকসভার আসন বাড়তে পারে কয়েকশো

২০২৩ সালে পাশ হওয়া ঐতিহাসিক মহিলা সংরক্ষণ আইন দ্রুত কার্যকর করতে তৎপর হয়ে উঠেছে মোদী সরকার। সূত্রের খবর, আগামী জনশুমারি বা সীমানা পুনর্নির্ধারণের দীর্ঘ প্রক্রিয়ার জন্য অপেক্ষা না করে ২০১১ সালের পুরনো জনশুমারির তথ্যের ভিত্তিতেই এই আইন বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে দেশের সংসদীয় কাঠামোয় মহিলাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের এই নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে লোকসভার বর্তমান চিত্রটি আমূল বদলে যেতে পারে। আসন সংখ্যা ৫৪৩ থেকে বৃদ্ধি পেয়ে ৮১৬ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার মধ্যে অন্তত ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। দীর্ঘ প্রতীক্ষিত এই আইনটি কার্যকর হলে ভারতের সংসদীয় রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।