গুজরাটে জারি হচ্ছে ইউসিসি: লিভ-ইন থেকে সম্পত্তি সবেতেই আসছে আমূল বদল
March 25, 20266:46 am

আমেদাবাদ: ঐতিহাসিক পদক্ষেপের পথে গুজরাট। ২৪ মার্চ বিধানসভায় পেশ হলো বহু প্রতীক্ষিত ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের এই সিদ্ধান্তকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। বিয়ে, বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে লিভ-ইন রিলেশনশিপ—সব ক্ষেত্রেই এবার ধর্ম নির্বিশেষে কড়া ও অভিন্ন আইনের আওতায় আসতে চলেছে সাধারণ মানুষ।
এই নতুন বিলের পাঁচটি মোড় ঘোরানো সিদ্ধান্ত বদলে দিতে পারে সামাজিক কাঠামো:
- লিভ-ইন রিলেশনে কড়াকড়ি: এখন থেকে লিভ-ইন রিলেশনশিপে থাকলেও রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন না করলে হতে পারে ৩ মাস পর্যন্ত জেল।
- মেয়েদের সমানাধিকার: পৈতৃক সম্পত্তিতে এবার থেকে কন্যারাও সমান ভাগ পাবেন। কোনো ব্যক্তি উইল না করে মারা গেলে সম্পত্তি মা-বাবা, স্ত্রী ও সন্তানদের মধ্যে সমানভাবে বণ্টিত হবে।
- একই নিয়ম সবার জন্য: বিয়ে ও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে আর আলাদা পার্সোনাল ল কার্যকর হবে না। আদালতের বাইরে বিবাহবিচ্ছেদ হলে ৩ বছর পর্যন্ত জেল হতে পারে। এমনকি বহুবিবাহের ক্ষেত্রেও থাকছে ৭ বছরের সশ্রম কারাদণ্ড।
- রেজিস্ট্রেশনে জরিমানা: বিয়ে রেজিস্ট্রি না করলে দিতে হতে পারে ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা। তবে বিবাহকে অবৈধ ঘোষণা করা হবে না।
- আদিবাসীদের ছাড়: এই আইনের আওতা থেকে আপাতত আদিবাসী সম্প্রদায় এবং কাজিন ম্যারেজের মতো কিছু প্রথাকে বাইরে রাখা হয়েছে।
বিরোধীরা এই বিলের টাইমিং নিয়ে প্রশ্ন তুললেও, সরকার একে নারী ক্ষমতায়নের পথে ‘স্বর্ণযুগ’ বলে দাবি করছে। উত্তরাখণ্ডের পর গুজরাটের এই পদক্ষেপ কি সারা দেশে ইউসিসি কার্যকরের পথ প্রশস্ত করবে? এখন সেটাই দেখার।