‘সময় থাকতে সাবধান না হলে ফেরার পথ থাকবে না’, ট্রাম্পের চরম হুঁশিয়ারি

‘সময় থাকতে সাবধান না হলে ফেরার পথ থাকবে না’, ট্রাম্পের চরম হুঁশিয়ারি

ইরান ও আমেরিকার মধ্যেকার স্নায়ুযুদ্ধ এখন চরম উত্তেজনার তুঙ্গে। ওয়াশিংটনের দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করতেই রুদ্রমূর্তি ধারণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে সরাসরি হুমকি দিয়ে তিনি সাফ জানিয়েছেন, এখনই আলোচনায় না বসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

৫ শর্তে অনড় ইরান

আমেরিকা ও ইজরায়েলের দেওয়া প্রস্তাবকে ‘অতিরিক্ত’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। উল্টে তেহরান ৫টি পাল্টা শর্ত জুড়ে দিয়েছে। যার মধ্যে রয়েছে যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, স্ট্রেইট অফ হরমুজে একচ্ছত্র অধিকার এবং ভবিষ্যতে আর কখনও ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে না—এমন আন্তর্জাতিক গ্যারান্টি।

ট্রাম্পের বিস্ফোরক পোস্ট

ইরানের এই অনমনীয় মনোভাব দেখে ট্রাম্প লিখেছেন, “যারা ইরানের হয়ে আলোচনা করছেন তারা বড়ই অদ্ভুত। ভেতরে ভেতরে তারা চুক্তির জন্য মিনতি করছেন কারণ তাদের সামরিক শক্তি খতম হয়ে গেছে, অথচ প্রকাশ্যে অস্বীকার করছেন। দ্রুত সিরিয়াস হোন, নাহলে এমন অবস্থা হবে যেখান থেকে ফেরার কোনও রাস্তা থাকবে না।”

কী ছিল আমেরিকার ১৫ দফার প্রস্তাবে?

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফার একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছিলেন ট্রাম্প। সেখানে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা, ব্যালেস্টিক মিসাইল প্রোগ্রাম স্তব্ধ করা এবং হুতি ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকে মদত দেওয়া বন্ধ করার শর্ত ছিল। বদলে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

মধ্যপ্রাচ্যের এই টানাপোড়েনে এখন গোটা বিশ্বের নজর। ট্রাম্পের এই শেষ হুঁশিয়ারি যুদ্ধের দামামা নাকি শান্তির পথ প্রশস্ত করবে, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *