রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন: জারি হলো বিশেষ নির্দেশিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মেটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তরের ই-গভর্ন্যান্স শাখা থেকে ড্রয়িং অ্যান্ড ডিসবারসিং অফিসার্সদের (ডিডিও) জন্য নির্দিষ্ট আদর্শ কার্যপদ্ধতি বা এসওপি জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এইচআরএমএস) মডিউলের মাধ্যমে বকেয়া ডিএ বিল প্রস্তুত ও নিষ্পত্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে, কর্মরত কর্মীদের বকেয়া ডিএ-র হিসাব এইচআরএমএস পোর্টালে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে এবং এই অর্থ সরাসরি তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) অ্যাকাউন্টে জমা হবে। অন্যদিকে, গ্রুপ-ডি কর্মী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে বকেয়া টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। ডিজিটাল পদ্ধতির এই স্বচ্ছ প্রক্রিয়ায় ৩১ মার্চের মধ্যে প্রথম কিস্তির অর্থ প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
তবে এই উদ্যোগের মধ্যেও শিক্ষক ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের বকেয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী সংগঠনগুলো। তাদের দাবি, বর্তমান এসওপি-তে শুধুমাত্র সরকারি কর্মচারীদের গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও তৃণমূল সমর্থিত কর্মচারী ফেডারেশন মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সকল স্তরের কর্মীর প্রাপ্য বকেয়া দ্রুত পরিশোধের বিষয়ে আশাপ্রকাশ করেছে। পুরো প্রক্রিয়াটি নির্ভুলভাবে সম্পন্ন করতে প্রশাসনিক স্তরে জোর তৎপরতা চলছে।