রাজ্য সরকারি চাকরিতে অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণের বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় সেনাবাহিনীতে চার বছরের মেয়াদ শেষ করা অগ্নিবীরদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত করার প্রস্তাব দিয়েছেন। ২০২৭ সালে প্রথম ব্যাচের অগ্নিবীরদের চাকরির মেয়াদ শেষ হতে চলেছে, তার আগেই তাঁদের কর্মসংস্থানের পথ প্রশস্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি সূত্রের খবর অনুযায়ী, চিঠিতে শাহ উল্লেখ করেছেন যে রাজ্যের পুলিশ কনস্টেবল, বন বিভাগ, দমকল, জেলরক্ষী, অশ্বারোহী বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দফতরের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে এই প্রাক্তন সেনাদের নিয়োগ করা যেতে পারে। কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাব কার্যকর হলে রাজ্য স্তরের বিভিন্ন বাহিনীতে অভিজ্ঞ ও প্রশিক্ষিত কর্মীবাহিনী যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। জাতীয় নিরাপত্তা ও শৃঙ্খলার কথা মাথায় রেখেই অগ্নিবীরদের এই বিশেষ সংরক্ষণের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।