ইরানে কি এবার সরাসরি মার্কিন স্থল অভিযান? ট্রাম্পের চরম হুঁশিয়ারির পর রণসজ্জায় পেন্টাগন

ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনা এবার চূড়ান্ত যুদ্ধের রূপ নিতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী, পেন্টাগন ইরানে স্থল অভিযানের প্রস্তুতি শুরু করেছে এবং প্রায় চার হাজার সেনাকে রণতরীর মাধ্যমে কৌশলগত অবস্থানে মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি প্যারাট্রুপার বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আকাশপথের সংঘাত ছাপিয়ে মার্কিন পদাতিক বাহিনী এবার সরাসরি ইরানের মাটিতে নামার তোড়জোড় চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলের আদলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
এই ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় ইরান প্রশাসনও পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছে। সম্মুখ সমরের সম্ভাবনা প্রবল হওয়ায় দেশটিতে যুদ্ধে অংশগ্রহণের বাধ্যতামূলক বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১২ বছর করা হয়েছে। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সাত দিনের সময়সীমা পার হওয়ার পর পেন্টাগনের এই যুদ্ধ পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট এখনো চূড়ান্ত সম্মতি প্রদানের বিষয়ে মুখ খোলেননি, তবে রেজা পাহলবীর মতো নির্বাসিত নেতারা ট্রাম্পকে কোনো প্রকার শান্তি চুক্তিতে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে।