জমির বদলে ১৫ কোটি আর বাড়ির ছাদে আস্ত কপ্টার! নয়ডার কৃষকদের এলাহি কাণ্ড দেখে চক্ষুচড়কগাছ নেটিজেনদের

নয়ডায় বিমানবন্দর হতেই কপাল খুলল স্থানীয়দের। কেউ ১৫ কোটির ক্ষতিপূরণ পেয়ে শখে কিনলেন আস্ত হেলিকপ্টার, তো কেউ আবার ব্যাংক ব্যালেন্স সামলাতে না পেরে বন্ধুদের নিয়ে উড়াল দিচ্ছেন থাইল্যান্ডে। প্রধানমন্ত্রী মোদি নতুন এয়ারপোর্ট উদ্বোধন করতেই রাতারাতি কোটিপতি হয়ে উঠেছেন এলাকার সাধারণ কৃষকরা।
যাঁদের জমি বিমানবন্দরের জন্য অধিগ্রহণ করা হয়েছে, তাঁদের হাতে এখন কাড়ি কাড়ি টাকা। এক কৃষক তো রীতিমতো চমক দিয়ে ১৫ কোটি টাকা খরচ করে নিজের জন্য হেলিকপ্টারই কিনে ফেলেছেন। অন্যদিকে ২৬ বছরের তরুণ শিবম প্রজাপতি থেকে শুরু করে সাধারণ সংসারী অজয় বেনিওয়াল— প্রত্যেকেরই রোজগার এখন আকাশছোঁয়া। কেউ এয়ারপোর্টে শ্রমিক সরবরাহ করছেন, আবার কেউ শ্রমিকদের হেলমেট আর চাবি পাহারা দিয়েই মাসে কামাচ্ছেন ৬০ হাজার টাকা।
আগে যেখানে নুন আনতে পান্তা ফুরাত, এখন সেখানে পরিযায়ী শ্রমিকদের ঘর ভাড়া দিয়েই পকেটে আসছে হাজার হাজার টাকা। নয়ডার এই ভোলবদল দেখে ইন্টারনেটে একটাই কথা ঘুরছে, একেই বোধহয় বলে ‘মেঘ না চাইতেই জল’। কৃষকদের এই রাজকীয় জীবনযাপন এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।