কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ভয়াবহ হামলা, প্রাণ হারালেন আরও এক ভারতীয়

কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ভয়াবহ হামলা, প্রাণ হারালেন আরও এক ভারতীয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধের লেলিহান শিখা এবার আছড়ে পড়ল কুয়েতে! ইরানের চালানো অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় কর্মী। রবিবার সন্ধ্যায় কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও জল শোধন কেন্দ্রে এই বিধ্বংসী হামলা চালানো হয়। কুয়েত সরকারের পক্ষ থেকে একে সরাসরি ‘ইরানি আগ্রাসন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিদ্যুৎ ও জল সম্পদ মন্ত্রকের মুখপাত্র ফাতিমা আব্বাস জওহর হায়াত এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রের একটি পরিষেবা ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ঘটনাস্থলেই ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। তবে নিহত কর্মীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

পশ্চিম এশিয়ার এই রক্তক্ষয়ী সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নিয়ে মোট সাতজন ভারতীয় প্রাণ হারালেন। এর আগে সৌদি আরব, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহিতেও ভারতীয়রা প্রাণ হারিয়েছেন। এখনও একজন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে খবর। বর্তমানে রিয়াদ, মাস্কাট এবং আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলো নিহতদের দেহ দেশে ফেরানোর জন্য তৎপরতা শুরু করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইজরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের এই যুদ্ধ চরম আকার ধারণ করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির মৃত্যুর পর থেকেই প্রতিধ্বনিত হচ্ছে যুদ্ধের দামামা। ইজরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা সংলগ্ন দেশগুলোতে একের পর এক ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে তেহরান, যার বলি হতে হচ্ছে সাধারণ প্রবাসী ভারতীয়দেরও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *