প্রথম দিনেই জমজমাট মনোনয়ন পর্ব কোন জেলায় সবথেকে বেশি আবেদন জমা পড়ল জানলে অবাক হবেন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর সোমবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেল মনোনয়ন পত্র পেশ করার প্রক্রিয়া। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা তাঁদের আবেদন জমা দিতে পারবেন। এরপর ৭ এপ্রিল জমা পড়া মনোনয়নপত্রগুলি খতিয়ে দেখা হবে এবং বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কোনো প্রার্থী চাইলে ৯ এপ্রিলের মধ্যে তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারবেন।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। নির্বাচন কমিশন জানিয়েছে যে আগামী ৬ মে-র মধ্যে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে। প্রতিটি কেন্দ্রে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দেওয়ার সময়সীমা নির্ধারিত করা হয়েছে।
মনোনয়ন পর্বের প্রথম দিনেই রাজ্যে মোট ৭৮টি আবেদন জমা পড়েছে যা রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি করেছে। কমিশনের দৈনিক রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, প্রথম দিনেই মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, মহিষাদল এবং হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে তিনটি করে মনোনয়ন জমা পড়েছে। সমসংখ্যক আবেদন জমা পড়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর কেন্দ্রেও। জেলাভিত্তিক এই তৎপরতা ঘিরে এখন থেকেই চড়ছে ভোটের পারদ।