ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে তোলপাড়! প্রকাশিত ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়ল লক্ষ লক্ষ নাম

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড়সড় চাঞ্চল্য ছড়াল। সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে নতুন করে প্রায় ৩ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে এই তালিকার সংশোধন প্রক্রিয়া ঘিরে দানা বেঁধেছে নতুন বিতর্ক।
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে শোরগোল শুরু হয়। সেই সময় প্রায় ৬১ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে ও কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে বিচারবিভাগীয় অফিসাররা এই তালিকা সংশোধনের কাজ চালাচ্ছেন। কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন একটি করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হচ্ছে। সেই সূত্রেই গতকাল অর্থাৎ ৩০ মার্চ ষষ্ঠ দফার তালিকা সামনে এল।
এখনও পর্যন্ত প্রকাশিত মোট ছয়টি সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ২৯ লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। কিন্তু এর উল্টো চিত্রটিও যথেষ্ট উদ্বেগজনক। সংশোধনের এই দীর্ঘ প্রক্রিয়ায় সাপ্লিমেন্টারি তালিকা থেকে নতুন করে বাদ পড়েছে আরও ১৮ লক্ষ নাম। প্রাথমিক তালিকায় বাদ পড়া ৬১ লক্ষের সঙ্গে এই সংখ্যা যোগ করলে দেখা যাচ্ছে, সব মিলিয়ে প্রায় ৮১ লক্ষেরও বেশি নাম এখন ভোটার তালিকার বাইরে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাদ পড়া ভোটারদের চূড়ান্ত পরিসংখ্যান নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বর্তমানে বিচারবিভাগীয় অফিসারদের পর্যবেক্ষণে যেভাবে দ্রুততার সঙ্গে কাজ চলছে, তাতে বাকি থাকা আবেদনগুলোর ভবিষ্যৎ খুব শীঘ্রই নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে।