মমতার সভার আগেই চন্দ্রকোনায় প্রকৃতির তাণ্ডব! লণ্ডভণ্ড সভাস্থল সামলাতে যুদ্ধকালীন তৎপরতা

চন্দ্রকোনা: মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। কিন্তু তার আগেই প্রবল দুর্যোগের মুখে পড়ল সভাস্থল। সোমবার রাতের আচমকা ঝড়-বৃষ্টিতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সভার বিশালাকার প্যান্ডেল। দাপুটে বাতাসে খুলে গিয়েছে ছাউনির ত্রিপল, আর মাঠের চারপাশ ভরে গিয়েছে জল-কাদায়।
দলীয় প্রার্থী সূর্যকান্ত দোলইয়ের সমর্থনে ক্ষীরপাইয়ের চড়কডাঙা ময়দানে এই সভা হওয়ার কথা। সভার ঠিক কয়েক ঘণ্টা আগে এমন প্রাকৃতিক বিপর্যয়ে চরম চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। তবে মঙ্গলবার সকাল হতেই পরিস্থিতি মোকাবিলায় কোমর বেঁধে নেমেছেন তৃণমূল কর্মী-সমর্থক ও ডেকরেটার্স কর্মীরা।
মাঠে বালি আর পাম্পের লড়াই
বৃষ্টির জমা জল সরাতে একাধিক পাম্প বসানো হয়েছে। কর্দমাক্ত অংশে দ্রুত বালি ফেলে যাতায়াতের যোগ্য করে তোলার কাজ চলছে। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি জানান, হ্যাঙ্গার থেকে ত্রিপল খুলে গেলেও দুপুরের আগেই সব গুছিয়ে ফেলা হবে। যুব সভাপতি সৌরভ চক্রবর্তীও আশাবাদী যে, নির্ধারিত সময়েই সভা শুরু হবে।
আগেভাগেই সতর্ক ছিলেন মমতা
উল্লেখ্য, সোমবার বেলদার সভা থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “মেদিনীপুরে সাইক্লোন বেশি হয়, আবহাওয়া মোটেও ঠিক নেই।” তাঁর সেই আশঙ্কাই যেন সত্যি হল চন্দ্রকোনায়।
সূচি অনুযায়ী, দুপুর ১২টায় চন্দ্রকোনায় প্রথম বক্তব্য রাখবেন নেত্রী। এরপর তাঁর গড়বেতা এবং বিষ্ণুপুরেও প্রচার সভা করার কথা রয়েছে। এখন ঝোড়ো হাওয়া কাটিয়ে মমতার হাইভোল্টেজ সভার অপেক্ষায় প্রহর গুনছে চন্দ্রকোনাবাসী।