অপরাধ দমনে পাঞ্জাবে হাইটেক বিপ্লব! রাস্তায় নামল ৫০০-র বেশি অত্যাধুনিক গাড়ি

পাঞ্জাবে অপরাধ দমনে বড়সড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে ‘ডায়াল ১১২’ প্রকল্পের আওতায় ৫০৮টি নতুন জরুরি পরিষেবা যানবাহনের উদ্বোধন করেছেন তিনি। এই গাড়িগুলো অত্যাধুনিক জিপিএস ট্র্যাকার, ড্যাশ ক্যামেরা এবং ওয়্যারলেস সিস্টেমে সজ্জিত, যা যেকোনো বিপদে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে।
নাঙ্গাল সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আরও একগুচ্ছ বড় ঘোষণা করেন। কারগিল শহীদ ক্যাপ্টেন অমোল কালিয়ার স্মৃতিতে ২৩ কোটি টাকা ব্যয়ে একটি ‘সেন্টার অফ এক্সিলেন্স’ বা উৎকর্ষ কেন্দ্র গড়ার কাজ শুরু হয়েছে। এখানে ৫৪০ জন তরুণ-তরুণীকে রোবোটিক্স, ইলেকট্রিক ভেহিকল এবং থ্রিডি প্রিন্টিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে।
পর্যটকদের জন্য সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, নাঙ্গাল লেককে কেন্দ্র করে বিশেষ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। উত্তর ভারতের প্রথম কাঁচের সেতু তৈরি হবে এই নাঙ্গালেই। এছাড়া শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নে আরও কয়েক কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।