১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে শ্রম আইন! বাড়বে পিএফ আর ওভারটাইম কিন্তু হাতে পাওয়া বেতনের অংকে কি টান পড়বে?

আজ ১ এপ্রিল ২০২৬ থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে কেন্দ্রের নতুন চারটি লেবার কোড বা শ্রম বিধি। এর ফলে সাধারণ চাকুরিজীবীদের কর্মজীবন এবং বেতনের কাঠামোয় বড়সড় রদবদল আসতে চলেছে। ৪৪টি পুরনো শ্রম আইনকে বিলুপ্ত করে সরকার বেতন, সামাজিক সুরক্ষা, শিল্প সম্পর্ক এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত এই নতুন নিয়মগুলি আনছে।
বেতন কাঠামোয় বদল
নতুন নিয়ম অনুযায়ী, একজন কর্মীর মূল বেতন বা ‘বেসিক স্যালারি’ তার মোট সিটিসি-র (CTC) অন্তত ৫০ শতাংশ হতে হবে। বর্তমানে অনেক সংস্থা কর বাঁচাতে মূল বেতন কমিয়ে দিয়ে ডিএ বা অন্যান্য ভাতা বাড়িয়ে রাখে। এখন থেকে সমস্ত ভাতা মিলিয়ে মোট বেতনের ৫০ শতাংশের বেশি হতে পারবে না।
পিএফ এবং রিটায়ারমেন্ট ফান্ড
বেসিক স্যালারি বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই প্রভিডেন্ট ফান্ড (PF) এবং গ্র্যাচুইটির জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বাড়বে। এর ফলে অবসরের সময় মোটা অংকের টাকা হাতে এলেও, মাসে হাতে পাওয়া বেতনের পরিমাণ বা ‘টেক-হোম স্যালারি’ কিছুটা কমে যেতে পারে।
কাজের সময় ও ওভারটাইম
দৈনিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা কাজের নিয়ম অপরিবর্তিত থাকছে। তবে নতুন বিধিতে কাজের সময় নির্ধারণে আগের চেয়ে বেশি নমনীয়তা দেওয়া হয়েছে। এছাড়া কাজের সময় ব্যবস্থাপনার ভিত্তিতে কর্মীরা এখন আগের চেয়ে বেশি ওভারটাইম পাওয়ার সুযোগ পাবেন।
সামাজিক সুরক্ষার বিস্তার
অসংগঠিত ক্ষেত্র, গিগ ওয়ার্কার্স এবং স্বনির্ভর ব্যক্তিদেরও সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। ২০২৬ সালের মার্চের মধ্যে দেশের ১০০ কোটি শ্রমিককে পেনশন এবং বিমার মতো পরিষেবার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। ২০১৫ সালে যা ছিল মাত্র ১৯ শতাংশ, ২০২৫ সাল নাগাদ তা ৬৪ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।