ভোটের মুখে শিয়ালদহে আরপিএফের মেগা অপারেশন, ২ কোটি টাকার পোস্ত বাজেয়াপ্ত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর থেকেই ট্রেন ও রেল স্টেশনগুলিতে নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শিয়ালদহ স্টেশন থেকে বিপুল পরিমাণ পোস্তদানা বাজেয়াপ্ত করে বড়সড় সাফল্য পেলেন আরপিএফ আধিকারিকরা।
গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহ স্টেশনে বিশেষ অভিযান চালায় আরপিএফ। তল্লাশিতে মোট ২৫৮টি বস্তা থেকে ১৪,৫৪৮ কেজি ওজনের পোস্তদানা উদ্ধার করা হয়। বাজারমূল্য অনুযায়ী এই বিশাল পরিমাণ পোস্তর দাম প্রায় ২ কোটি ১৮ লক্ষ ২২ হাজার ৬০০ টাকা। বেআইনিভাবে এই পণ্য মজুত ও পাচারের চেষ্টার অভিযোগে তা দ্রুত শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
একই সময়ে মাদক বিরোধী অভিযানে উত্তরবঙ্গের ডালখোলা এবং বিহারের কাটিহার স্টেশনেও সাফল্য পেয়েছে আরপিএফ। কাটিহার (ইস্ট) স্টেশনে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ২২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১১ লক্ষ ২৫ হাজার টাকা। উদ্ধার হওয়া এই মাদক পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কাটিহার জিআরপিএস-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, ডালখোলা স্টেশনে ১২৫০৪ ডাউন আগরতলা-এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস থেকে আরপিএফের অ্যান্টি-ড্রাগিং টিম ৪৫.৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। এই চালানের বাজারমূল্য প্রায় ২২ লক্ষ ৯০ হাজার টাকা। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে জিআরপিএস ডালখোলা। উদ্ধার হওয়া মাদকগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নির্বাচনের আগে রাজ্যে অবৈধ পণ্য ও নগদ অর্থ আনাগোনা বন্ধ করতে আরপিএফের এই সক্রিয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শিয়ালদহ ও ডালখোলার এই জোড়া সাফল্য পাচারকারীদের মনোবল ভেঙে দেবে বলে আশাবাদী প্রশাসন। রেলওয়ে সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া বজায় রাখতে আগামী দিনগুলিতে তল্লাশি অভিযান আরও কঠোর করা হবে।