ভোটের মুখে কেশপুরে বড়সড় ভাঙন, গেরুয়া শিবিরে শিউলি সাহার হাত ধরে তৃণমূলে ১৫ পরিবার

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। বুধবার বিকেলে কেশপুর ব্লকের ৭ নম্বর অঞ্চলের রেণুয়াড়ে বিজেপি শিবিরে বড়সড় ভাঙন ধরালো শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি অনুযায়ী, এদিন বিজেপির প্রায় ১৫টি পরিবার তাদের দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছে। ভোটের ঠিক মুখে এই দলবদল স্থানীয় রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে।
এদিন আয়োজিত একটি দলীয় কর্মসূচিতে নবাগত কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক ও অঞ্চল স্তরের একাধিক প্রভাবশালী নেতা ও কর্মীরা। শিউলি সাহা নবাগতদের দলে স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এই যোগদানের ফলে সংশ্লিষ্ট এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক নেতৃত্ব।
অন্যদিকে, নির্বাচনের প্রাক্কালে এই শক্তিক্ষয় গেরুয়া শিবিরের জন্য বড়সড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বুথ স্তরে এই ভাঙন ভোটের ফলাফলে সরাসরি প্রভাব ফেলতে পারে। গেরুয়া শিবিরের জন্য এই পরিস্থিতি যথেষ্ট অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। তবে এই দলবদল নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত কেশপুরের রেণুয়াড় অঞ্চলে তৃণমূলের এই সাফল্যে শাসক শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই তুঙ্গে।