আসানসোলে প্রধানমন্ত্রীর জনসভায় মোবাইল চোর চক্রের হানা, গায়েব অর্ধশত ফোন
.webp?w=750&resize=750,500&ssl=1)
আসানসোলের পোলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাকে কেন্দ্র করে যখন উৎসাহ তুঙ্গে, ঠিক তখনই ভিড়ের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠল মোবাইল চোর চক্র। বৃহস্পতিবারের এই মেগা জনসভায় অন্তত ৫০ জন মানুষের মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। হিরাপুর থানা এলাকায় আয়োজিত এই সভায় বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক ভিড় হয়েছিল। এই বিপুল জনসমাগমকেই হাতিয়ার করে একদল যুবক ও নাবালক সুপরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, ১০ থেকে ১২ জনের একটি দলবদ্ধ চক্র এই চুরির ঘটনার নেপথ্যে রয়েছে। জনসভার ভিড়ের মধ্যে কৌশলে প্যান্টের পকেটের চেন খুলে বা নজর এড়িয়ে একের পর এক মোবাইল হাতিয়ে নেয় তারা। দূর-দূরান্ত থেকে আসা বিজেপি সমর্থক ও সাধারণ দর্শনার্থীরা যখন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে মগ্ন ছিলেন, তখনই এই বিপত্তি ঘটে। জনৈক এক মহিলা জানান যে মোদিজিকে দেখতে আসার আনন্দ বিষাদে পরিণত হয়েছে তাঁর ছেলের দামি ফোনটি চুরি হওয়ায়। একইভাবে কৃষ্ণনগর থেকে আসা এক সমর্থকও ফোন হারিয়ে থানায় অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তৎপরতা দেখিয়েছে হিরাপুর থানার পুলিশ। চুরির ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে কয়েকজন যুবক ও এক নাবালককে আটক করা হয়েছে। অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী পুলিশের অনুমান, একটি সংগঠিত দল এই কাণ্ড ঘটিয়েছে। এই চক্রে আর কারা জড়িত রয়েছে এবং খোয়া যাওয়া ফোনগুলো উদ্ধার করা সম্ভব কি না, তা নিয়ে ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে পুলিশ। জনসভার মতো স্পর্শকাতর স্থানে এমন চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।