পুরনিয়োগ দুর্নীতিতে ফের ইডি-র জোড়া তলব! ৬ মে সিজিও কমপ্লেক্সে ডাক পড়ল সুজিত ও রথীনের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র (ED) নজরে রাজ্যের দুই মন্ত্রী। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ৬ মে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি, একই দিনে তলব করা হয়েছে রাজ্যের আর এক মন্ত্রী রথীন ঘোষকেও।
অস্থাবর সম্পত্তির নথির তলব
ইডি সূত্রে খবর, গত শুক্রবারই সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। সেই পর্ব মেটার পরই তাঁকে জানিয়ে দেওয়া হয় যে, আগামী ৬ মে তাঁকে আবার আসতে হবে। শুধু তাই নয়, সোমবার হাজিরা দেওয়ার সময় তাঁকে নিজের অস্থাবর সম্পত্তি সংক্রান্ত যাবতীয় নথি সঙ্গে নিয়ে আসতে নির্দেশ দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ইডি তাঁর পেশ করা ওই নথিপত্রগুলো খতিয়ে দেখে যাচাই করতে চায় বলে জানা গিয়েছে।
একই দিনে জোড়া হাজিরা
দমকলমন্ত্রীর পাশাপাশি রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রী রথীন ঘোষকেও একই দিনে, অর্থাৎ ৬ মে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে ইডি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই জোড়া তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
একদিকে যখন ভোটের ফলাফল নিয়ে রাজ্য রাজনীতি সরগরম, ঠিক সেই আবহেই রাজ্যের দুই মন্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সির এই তলব শাসকদলের অস্বস্তি বাড়াল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।