গণনায় গাফিলতি হলে হারাতে হতে পারে চাকরি, সরকারি কর্মীদের কড়া হুঁশিয়ারি কমিশনের

আগামীকাল সোমবার বিধানসভা নির্বাচনের হাই-ভোল্টেজ ভোটগণনাকে কেন্দ্র করে সরকারি কর্মীদের উদ্দেশে নজিরবিহীন সতর্কবার্তা জারি করল নির্বাচন কমিশন। গণনার কাজে নিযুক্ত কর্মীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দায়িত্ব পালনে সামান্যতম ভুল বা গাফিলতি ধরা পড়লে কঠোর বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনকি চূড়ান্ত শাস্তি হিসেবে চাকরিও যেতে পারে। স্বচ্ছ ও ত্রুটিমুক্ত গণনা নিশ্চিত করতেই কমিশন এই কঠোর অবস্থান নিয়েছে।
কঠোর নজরদারি ও শাস্তির হুঁশিয়ারি
কমিশন সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের গাফিলতির প্রমাণ মেলায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার রাজ্যজুড়ে প্রতিটি গণনাকেন্দ্রে কর্মীদের সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চাইছে কমিশন। নির্দেশিকায় জানানো হয়েছে, গণনার সময় কমিশনের গাইডলাইন অক্ষরে অক্ষরে পালন করতে হবে; কোনো প্রকার পক্ষপাতিত্ব বা ইচ্ছাকৃত ভুল কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
নিরাপত্তার চাদরে গণনাকেন্দ্র
রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রকে নিরাপত্তার নিশ্ছিদ্র বলয়ে মুড়ে ফেলা হয়েছে। শান্তি বজায় রাখতে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং তাঁদের সহায়তায় অতিরিক্ত অবজার্ভার নিয়োগ করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলারক্ষায় আরও ৭৭ জন পুলিশ অবজার্ভার মোতায়েন থাকছেন। প্রতিটি স্ট্রংরুমের ২০০ মিটার এলাকা জুড়ে ১৬৩ ধারা জারি করা হয়েছে, যাতে কোনো প্রকার জমায়েত বা বিক্ষোভ না ঘটে। মূলত অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং একটি নিরপেক্ষ ফলাফল উপহার দিতেই নির্বাচন কমিশন এখন ‘অ্যাকশন মোড’-এ।