গণনার ঠিক আগের দিন বড় পদক্ষেপ NIA-র! মোথাবাড়ি কাণ্ডে এবার সাবিনা ইয়াসমিনের এজেন্টকে তলব

মালদহের মোথাবাড়িতে সিআইআর (SIR) কাজে নিযুক্ত বিচারকদের হেনস্থা ও কাজে বাধা দেওয়ার ঘটনায় তদন্তের গতি বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। ৪ মে বিধানসভা নির্বাচনের ভাগ্যনির্ধারণ, তার ঠিক কয়েক ঘণ্টা আগে রবিবার দুপুরে মালদহের কালিয়াচক থানায় তৃণমূলের একাধিক নেতা-কর্মীকে হাজিরার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
তলব তালিকায় প্রার্থীর নির্বাচনী এজেন্ট
এনআইএ-র এই তলব তালিকায় সবথেকে উল্লেখযোগ্য নাম সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট। এছাড়াও মোথাবাড়ি ও কালিয়াচক এলাকার একগুচ্ছ পরিচিত তৃণমূল নেতা-কর্মীকে নোটিশ পাঠিয়ে কালিয়াচক থানায় দেখা করতে বলা হয়েছে। গণনার আগের দিন দুপুরের এই তলবকে কেন্দ্র করে মালদহ জেলাজুড়ে তীব্র রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট
মূলত মোথাবাড়িতে সরকারি কাজে নিযুক্ত বিচারকদের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে এই মামলার তদন্তভার নিয়েছিল এনআইএ। এর আগে এই ঘটনায় একাধিকবার এলাকায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তবে গণনার ঠিক আগের দিন তৃণমূলের নির্বাচনী এজেন্ট এবং স্থানীয় স্তরের সক্রিয় কর্মীদের তলব করাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক।
তৃণমূলের অভিযোগ ও রাজনৈতিক চাপানউতোর
তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই ঘটনাকে ‘সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল’ হিসেবে দেখা হচ্ছে। ঘাসফুল শিবিরের দাবি, সোমবারের ভোটগণনার আগে দলীয় কর্মীদের মনোবল ভেঙে দিতে এবং তাঁদের ওপর মানসিক চাপ তৈরি করতেই বেছে বেছে প্রভাবশালী কর্মীদের থানায় ডাকা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তদন্তের প্রয়োজনে এবং বয়ান রেকর্ড করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কালিয়াচক থানা চত্বরে এই মুহূর্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্কালে কেন্দ্রীয় সংস্থার এই সক্রিয়তা মালদহের রাজনৈতিক লড়াইয়ে এক অন্য মাত্রা যোগ করল।
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।