নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় নজিরবিহীন কঠোরতা অবলম্বন করছে রাজ্য পুলিশ!

নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় নজিরবিহীন কঠোরতা অবলম্বন করছে রাজ্য পুলিশ!

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এডিজি (আইনশৃঙ্খলা) রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশ সুপারদের এই বিশেষ পাঁচ দফার নির্দেশিকা পাঠিয়েছেন। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা—প্রতিটি ক্ষেত্রেই জিরো টলারেন্স নীতি গ্রহণের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।

হেলমেট বাধ্যতামূলক ও সড়ক নিরাপত্তা

ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনে এবার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। মোটরবাইক নিয়ে রাস্তায় বেরোলে চালক ও আরোহীর হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। মোটর যান আইন অনুযায়ী এই নিয়ম পালনে যাতে কোনো শিথিলতা না থাকে, সেজন্য রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার এবং কমিশনারদের সরাসরি তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হবে এবং প্রতি মুহূর্তের রিপোর্ট নিয়মিত জমা দিতে হবে সিআইডি দপ্তরে।

অবৈধ কারবার ও পাচার রুখতে কড়া পদক্ষেপ

রাজ্যের নিরাপত্তা জোরদারে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে ব্যাপক তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ মে থেকে টানা দুই সপ্তাহ এই অভিযান চলবে। তার আগে ১৫ মে-র মধ্যে থানার মালখানায় থাকা সমস্ত অস্ত্র ও গোলাবারুদ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে আইসি ও ওসিদের। পাশাপাশি, গরু পাচার ও তোলাবাজি রুখতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। কোনোভাবেই অবৈধ গবাদি পশুর হাট বা কসাইখানা চালানো যাবে না এবং বেআইনি খনি কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে বৈধ লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরা যেন কোনো হেনস্থার শিকার না হন, সেদিকেও নজর রাখা হবে।

পুরনো মামলার পুনর্মূল্যায়ন ও সীমান্ত নজরদারি

২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসার মামলাগুলোর পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিপূর্বে যে মামলাগুলোতে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছিল, সেগুলো আবার নতুন করে খতিয়ে দেখা হবে। তদন্তে কোনো ত্রুটি থাকলে বা প্রাথমিক অপরাধের প্রমাণ পেলে পুনরায় মামলা দায়ের করা হবে। এছাড়া সীমান্তবর্তী জেলাগুলোতে অপরাধ নিয়ন্ত্রণে থানা ও এসডিপিও স্তরে নিয়মিত সমন্বয় বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের ধারণা, এই পাঁচ দফার নির্দেশিকা সঠিকভাবে বাস্তবায়িত হলে রাজ্যে সুশাসন নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *