প্রধানমন্ত্রীর আর্জির উল্টো ফল, দেশজুড়ে সোনা কেনার ব্যাপক হিড়িক

প্রধানমন্ত্রীর আর্জির উল্টো ফল, দেশজুড়ে সোনা কেনার ব্যাপক হিড়িক

দেশের অর্থনীতি স্থিতিশীল রাখা এবং বিদেশি মুদ্রার ভাণ্ডার সুরক্ষিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অন্তত এক বছর সোনা না কেনার আর্জি জানিয়েছিলেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো চিত্র। সরকারি বিধিনিষেধের আশঙ্কায় দেশজুড়ে গয়নার দোকানগুলিতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে, আগামী দিনে সোনা কেনা বা মজুত রাখার ওপর আরও কঠোর নিয়ম জারি হতে পারে।

বিয়ের মরসুমের আগে কেনাকাটার হুড়োহুড়ি

জুন মাস থেকে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত দেশে বিয়ের মরসুম। এই সময়ের কেনাকাটা সারতে এখন গয়নার দোকানে ভিড় করছেন গ্রাহকরা। অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত দু’দিনে বিয়ের গয়না বিক্রির হার স্বাভাবিকের তুলনায় ১৫-২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু বর্তমান মরসুম নয়, অনেকে বছরের শেষদিকের বিয়ের গয়নাও এখনই অগ্রিম কিনে রাখছেন। আমদানিশুল্ক বৃদ্ধি বা জিএসটি-র হার আরও বাড়তে পারে— এমন আশঙ্কাই এই হুড়োহুড়ির প্রধান কারণ।

বাজারদর ও ব্যবসায়ীদের উদ্বেগ

ইতিমধ্যেই সোনা ও রুপোর ওপর আমদানিশুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে কেন্দ্র। এর ফলে খুচরো বাজারে সোনার দাম একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। বড় গয়না সংস্থাগুলোর প্রতিটি আউটলেটে দৈনিক গড় বিক্রি ২৫ লক্ষ টাকায় পৌঁছেছে। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে বাড়তি দামেই সোনা সংগ্রহ করছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল প্রধানমন্ত্রীর দফতরের সময় চেয়েছে। সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই তাকিয়ে জুয়েলারি শিল্প মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *