চলন্ত বাসে ফের গণধর্ষণের শিকার তরুণী, ফিরল ১৪ বছর আগের সেই বীভৎস স্মৃতি!

রাজধানী দিল্লির বুকে আবারও ফিরে এল এক দশক আগের সেই ভয়ংকর স্মৃতি। নির্ভয়া কাণ্ডের ১৪ বছর পর দিল্লির রানি বাঘ এলাকায় চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একটি বেসরকারি বাসে এই নৃশংসতার শিকার হন ওই তরুণী। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে এবং সংশ্লিষ্ট বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে।
স্লিপার বাসে নারকীয় অত্যাচার
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সরস্বতী বিহার এলাকার বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি বেসরকারি স্লিপার বাসে ওঠেন ওই তরুণী। বাসটি প্রায় যাত্রীশূন্য ছিল। বাসে ওঠার পর ওই তরুণী কন্ডাক্টরের কাছে সময় জানতে চাইলে আচমকাই পরিস্থিতি পাল্টে যায়। অভিযোগ, বাসের চালক ও কন্ডাক্টর মিলে তাঁকে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে যান এবং নাংলোইয়ের নির্জন এলাকার দিকে বাসটি চালিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই অভিযুক্তরা তাঁকে পাশবিক নির্যাতন চালায় এবং কাজ শেষে বাস থেকে বাইরে ফেলে দেয়।
তদন্ত ও আইনি ব্যবস্থা
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত এফআইআর রুজু করে তল্লাশি শুরু করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালক ও কন্ডাক্টর বর্তমানে তাদের হেফাজতে রয়েছে এবং তরুণীর জবানবন্দি নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে অভিযুক্তদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের পর দেশে কড়া আইনি সংস্কার হলেও রাজধানীর জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘটনা আবারও বড় শহরগুলোতে রাতে নারীদের যাতায়াতের নিরাপত্তা এবং বেসরকারি গণপরিবহন ব্যবস্থার নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।