পুরসভায় মোদী-শুভেন্দুর ছবি, প্রশাসনিক বদলের আবহে নয়া চর্চা

রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে স্থানীয় পুর প্রশাসনগুলোতেও। বৃহস্পতিবার ডানকুনি পুরসভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি টাঙানোকে কেন্দ্র করে প্রশাসনিক অলিন্দে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ছবিগুলো পুরসভায় আনা হলে তা সসম্মানে চেয়ারম্যানের ঘরে টাঙিয়ে দেওয়া হয়।
চেয়ারম্যানের ঘরে মোদী-শুভেন্দুর ছবি
পুরসভা সূত্রে জানা গেছে, এদিন বিজেপির স্থানীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে ডানকুনি পুরসভায় পৌঁছান। পুরসভার ফিনান্স অফিসার অনির্বাণ ধারা স্বয়ং উদ্যোগী হয়ে চেয়ারম্যান হাসিনা শবনমের ঘরের দেওয়ালে সেই ছবিগুলো টাঙিয়ে দেন। দেশের প্রধান এবং রাজ্যের প্রশাসনিক প্রধানের ছবি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও তৃণমূল পরিচালিত এই পুরসভায় বিজেপি নেতাদের ছবি টাঙানো নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।
প্রশাসনিক সৌজন্য নাকি রাজনৈতিক বার্তা?
এই ঘটনা প্রসঙ্গে ফিনান্স অফিসার অনির্বাণ ধারা জানান, দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি আনা হয়েছিল বলেই তা যথোপযুক্ত স্থানে লাগানো হয়েছে। সরকারি প্রথা অনুযায়ী প্রশাসনিক দপ্তরে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি থাকাটাই দস্তুর। তবে দীর্ঘ ১৫ বছর পর বাম বা তৃণমূলের বদলে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি দেওয়ালে স্থান পাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাজ্যের নতুন সরকারের নির্দেশে এখন বিভিন্ন সরকারি দপ্তরে এই ধরনের পরিবর্তন শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। দপ্তরে এই ছবি টাঙানোর সময় বিজেপির বেশ কিছু স্থানীয় কর্মী-সমর্থকও উপস্থিত ছিলেন।