রাজনীতিতে বাজিমাত, তবু থমকে পর্দা! কেন আটকে গেল বিজয়ের ‘জন নয়াগণ’?

রাজনীতিতে বাজিমাত, তবু থমকে পর্দা! কেন আটকে গেল বিজয়ের ‘জন নয়াগণ’?

রাজনৈতিক মঞ্চে ঐতিহাসিক জয় পেলেও রুপোলি পর্দায় থমকে গেলেন থালাপথি বিজয়! তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরও সেন্সর বোর্ডের লাল ফিতের ফাসে আটকে রয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত বিদায়ী চলচ্চিত্র ‘জন নয়াগণ’। চলতি বছরের পঙ্গল উৎসবে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও আইনি জটিলতা, রাজনৈতিক পরিস্থিতি এবং সেন্সর ছাড়পত্রের অভাবে ছবিটি এখনও অনিশ্চয়তার মুখে।

সম্প্রতি এক মন্দিরে পুজো দিতে গিয়ে ছবির প্রযোজক ভেঙ্কট কে নারায়ণা জানান, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এখনও ছবিটিকে সবুজ সংকেত দেয়নি। তবে সব জটিলতা কাটিয়ে খুব দ্রুত ছবিটি বিশ্বজুড়ে মুক্তি পাবে বলে তিনি আশাবাদী।

সেন্সর বিতর্ক ও আইনি লড়াই

‘জন নয়াগণ’ সিনেমাটির মুক্তি আটকে যাওয়ার পেছনে রয়েছে একাধিক বিতর্ক। সেন্সর বোর্ডের পক্ষ থেকে প্রথমে ছবির কিছু দৃশ্য কাটছাঁটের পরামর্শ দেওয়া হয়েছিল এবং পরে তা রিভাইজিং কমিটিতে পাঠানো হয়। অভিযোগ উঠেছে, সিনেমাটিতে যথাযথ অনুমতি ছাড়াই ভারতীয় সেনাবাহিনীর প্রতীক ব্যবহার করা হয়েছে। এছাড়া কিছু দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বলেও আপত্তি তোলা হয়। এই জটিলতা গড়ায় মাদ্রাজ হাই কোর্ট থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত। পরবর্তীতে প্রযোজনা সংস্থা আদালতের মামলা প্রত্যাহার করে সরাসরি সেন্সর বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ বেছে নেয়।

অনলাইনে ছবি ফাঁস ও ভবিষ্যৎ প্রভাব

চলতি বছরের এপ্রিল মাসে সিনেমাটি অনলাইনে লিক বা ফাঁস হয়ে যাওয়ায় বড়সড় আর্থিক ও ব্যবসায়িক ধাক্কার মুখে পড়েছেন প্রযোজকরা। যদিও এই পাইরেসি চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজয় তাঁর রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ নিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে গত ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজনীতিতে পুরোপুরি জড়িয়ে যাওয়ার আগে এটিই ছিল অভিনেতা বিজয়ের শেষ সিনেমা। ফলে স্বাভাবিকভাবেই ছবিটিকে ঘিরে দর্শক ও অনুরাগীদের মধ্যে বিপুল উন্মাদনা রয়েছে। তবে সিনেমাটি শেষ পর্যন্ত কবে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে, তা এখন সম্পূর্ণ নির্ভর করছে সেন্সর বোর্ডের চূড়ান্ত অনুমোদনের ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *