আকাশছোঁয়া জ্বালানি, কলকাতায় পেট্রোল পেরোল ১১২ টাকার গণ্ডি

আন্তর্জাতিক বাজারের চাপ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে দেশের বাজারে লাগাতার বাড়ছে জ্বালানি তেলের দাম। সোমবার সকাল থেকেই কলকাতা সহ দেশের সমস্ত মেট্রো সিটিতে একধাক্কায় অনেকটাই মহার্ঘ হয়েছে পেট্রোল ও ডিজেল। সাধারণ মানুষের পকেটে বড়সড় ধাক্কা দিয়ে গত দুই সপ্তাহেরও কম সময়ে এই নিয়ে চতুর্থবার দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ধাপে ধাপে জ্বালানির এই লাগামছাড়া দাম বৃদ্ধির জেরে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারেও।
মেট্রো শহরগুলির মধ্যে কলকাতায় দাম সর্বোচ্চ
নতুন মূল্যবৃদ্ধির পর দেশের চার প্রধান মহানগরের মধ্যে তিলোত্তম তিলোত্তমায় জ্বালানির দাম সবচেয়ে বেশি দাঁড়িয়েছে। সোমবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম একলাফে ২.৮৭ টাকা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কলকাতায় আজ পেট্রোলের নতুন দাম হয়েছে ১১৩.৫১ টাকা। অন্যদিকে, ডিজেলের দামও প্রতি লিটারে ২.৮০ টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধির জেরে কলকাতায় এক লিটার ডিজেল কিনতে আজ থেকে সাধারণ মানুষকে গুণতে হচ্ছে ৯৯.৮২ টাকা, যা সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে।
দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের নয়া দর
কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও জ্বালানির দাম আকাশছোঁয়া হয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম ২.৬১ টাকা এবং ডিজেলের দাম ২.৭১ টাকা বাড়ায় সেখানে নতুন দাম হয়েছে যথাক্রমে ১০২.১২ টাকা ও ৯৫.২০ টাকা। বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোল লিটার প্রতি ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকায় বিকোচ্ছে। দক্ষিণের শহর চেন্নাইতেও সোমবার থেকে পেট্রোল ও ডিজেলের নতুন রেট দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭.৭৭ টাকা এবং ৯৯.৫৫ টাকা।
লাগাতার দাম বৃদ্ধির নেপথ্যের কারণ
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণেই তেল কো ম্পা নিগুলি চরম লোকসানের মুখে পড়েছিল। এর ওপর দেশের একাধিক রাজ্যে নির্বাচন মিটে যেতেই ধাপে ধাপে তেলের দাম বাড়ানোর এই কৌশল নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতা দ্রুত না কমলে আগামী দিনে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এক ঝলকে
- গত ১৪ দিনের মধ্যে এই নিয়ে চতুর্থবার দেশজুড়ে একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
- কলকাতায় লিটার প্রতি পেট্রোল ২.৮৭ টাকা বেড়ে হলো ১১৩.৫১ টাকা এবং ডিজেল ২.৮০ টাকা বেড়ে ছুঁল ৯৯.৮২ টাকা।
- রাজধানী দিল্লিতে আজ থেকে পেট্রোল ১০২.১২ টাকা এবং বাণিজ্য নগরী মুম্বইতে ১১১.২১ টাকায় বিক্রি হচ্ছে।
- মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারে তেলের জোগান সংকটের কারণেই নির্বাচন মিটতেই এই মূল্যবৃদ্ধি।