শাহরুখ থেকে রণবীর, ‘ডন ৩’ বারবার হাতবদল হওয়ার নেপথ্যে কি চিত্রনাট্যের দুর্বলতা

বলিউডে এই মুহূর্তে সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে উঠেছে ‘ডন ৩’। পরিচালক ফারহান আখতারের এই বিগ বাজেট ছবি থেকে সম্প্রতি অভিনেতা রণবীর সিং সরে দাঁড়ানোর পর থেকেই মায়ানগরীতে বিতর্ক তুঙ্গে। রণবীরের এই সিদ্ধান্তের জেরে ইন্ডাস্ট্রিতে তাঁর কোণঠাসা হওয়া এবং নিষেধাজ্ঞার গুঞ্জনের মাঝেই নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে একটি পুরনো প্রশ্ন। রণবীর সিংয়ের বহু আগেই কেন এই ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান? তবে কি ফারহানের তৈরি করা চিত্রনাট্যেই রয়ে গেছে বড় কোনো গলদ?
১৯৭৮ সালে অমিতাভ বচ্চনের হাত ধরে শুরু হওয়া ‘ডন’ চরিত্রটিকে ২০০৬ সালে সম্পূর্ণ নতুন এক আধুনিক মোড়কে পর্দায় ফিরিয়ে এনেছিলেন শাহরুখ খান। ফারহান আখতারের পরিচালনায় ‘ডন’ এবং ২০১১ সালের ‘ডন ২’ বক্স অফিসে ঝড় তোলার পর স্বাভাবিকভাবেই তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু সেই স্বপ্নের প্রজেক্ট থেকে শাহরুখের আকস্মিক সরে যাওয়া এবং পরবর্তীতে রণবীর সিংয়ের অন্তর্ভুক্তি ও তাঁরও প্রজেক্ট ত্যাগ করা—পুরো বিষয়টিকে ঘিরে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা।
চিত্রনাট্য নিয়ে সংশয় ও শাহরুখের শর্ত
ভেতরের খবর, শাহরুখ খান আসলে ফারহানের ‘ডন ৩’-এর প্রাথমিক চিত্রনাট্য পুরোপুরি অপছন্দ না করলেও, তা নিয়ে শতভাগ নিশ্চিত হতে পারছিলেন না। ‘ডন’ চরিত্রটি ভারতীয় সিনেমা জগতের অন্যতম আইকনিক একটি চরিত্র, তাই সম্পূর্ণ আত্মবিশ্বাসী না হয়ে এই জুতোয় পা গলাতে রাজি ছিলেন না কিং খান। এই চিত্রনাট্যজনিত দুর্বলতার কারণেই তিনি শেষপর্যন্ত নিজেকে সরিয়ে নেন। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, ফারহান আখতার ইতিমধ্যেই চিত্রনাট্য নতুন করে মাজাঘষা করেছেন, যাতে শাহরুখকে পুনরায় রাজি করানো যায়। এর মাঝেই আবার গুঞ্জন শোনা যাচ্ছে যে, শাহরুখ ‘ডন ৩’-এ ফিরতে একটি বিশেষ শর্ত দিয়েছেন। ছবিটি ফারহানের বদলে পরিচালনা করতে হবে ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলিকে।
ভবিষ্যৎ প্রভাব ও বলিউডে জল্পনা
প্রধান অভিনেতাদের এভাবে বারবার ছবি থেকে সরে দাঁড়ানোর ফলে ‘ডন ৩’ প্রজেক্টের ভবিষ্যৎ এখন বড়সড় অনিশ্চয়তার মুখে। একের পর এক তারকার ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়া ফারহান আখতারের পরিচালনার ও লেখার দক্ষতার ওপর যেমন চাপ সৃষ্টি করছে, তেমনই রণবীর সিংয়ের আচমকা সরে যাওয়া তাঁর কেরিয়ারের সমীকরণকেও জটিল করে তুলেছে। অন্যদিকে, রণবীর জমানা শেষ হতেই শাহরুখ অনুরাগীদের মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে। মেগাস্টার শাহরুখ খান শেষপর্যন্ত তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ডন হিসেবে পর্দায় প্রত্যাবর্তন করেন কি না, এখন সেটাই দেখার।