কলকাতায় সৌরভের বায়োপিকের শ্যুটিং, রাজকুমারের পাশে থাকছেন চাঁদের হাট

কলকাতায় সৌরভের বায়োপিকের শ্যুটিং, রাজকুমারের পাশে থাকছেন চাঁদের হাট

vভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা- দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’ নিয়ে অনুরাগীদের উন্মাদনার পারদ চড়ছে। মুম্বইয়ের পর এবার খোদ মহারাজের শহর কলকাতায় শুরু হয়েছে এই ছবির জমজমাট শ্যুটিং। বেহালার বীরেন রায় রোড থেকে শুরু করে ইস্ট বেঙ্গল মাঠ— শহরের বিভিন্ন প্রান্তে ক্যামেরার সামনে ফুটিয়ে তোলা হচ্ছে দাদার ক্রিকেট ও ব্যক্তিগত জীবনের নানান অধ্যায়। লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রযোজনায় এবং বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই ছবিটিকে ঘিরে এখন তীব্র কৌতুহল তৈরি হয়েছে। বিশেষ করে রূপালী পর্দায় সৌরভের জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের চরিত্রে কারা অভিনয় করছেন, তা নিয়ে আলোচনা তুঙ্গে।

চেনা মানুষদের চরিত্রে একঝাঁক তারকা

বায়োপিকে পর্দার সৌরভ হিসেবে আগেই নাম নাম লিখিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। তবে তাঁর পাশাপাশি এই ছবিতে সৌরভের জীবনের চেনা মানুষদের চরিত্রে থাকছেন একঝাঁক প্রতিভাবান তারকা। মহারাজের ছোটবেলার চরিত্রে অভিনয় করছেন ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত বেদান্ত সিং। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী তান্যা মানিকতলাকে। এছাড়া সৌরভের পারিবারিক পরিমণ্ডলকে পর্দায় জীবন্ত করতে থাকছেন টলিউডের জনপ্রিয় মুখেরা। দাদার বড় ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে রাহুল দেব বসু, বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বর্ষীয়ান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। একই সঙ্গে সৌরভের ক্রিকেটীয় জীবনের অন্যতম পথপ্রদর্শক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গজরাজ রাওকে।

সঠিক সময়ে খাস কলকাতায় ক্যামেরা রোল

পশ্চিমবঙ্গের নির্বাচন এবং আইপিএলের মেগা ফাইনাল ম্যাচ শেষ হতেই পূর্বপরিকল্পনা অনুযায়ী কলকাতায় পা রেখেছে বায়োপিকের পুরো টিম। মুম্বইয়ে শ্যুটিংয়ের সময় সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে উপস্থিত থেকে তদারকি করেছিলেন, এবার কলকাতার শ্যুটিং পর্বেও তাঁর উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। বেহালা ও ইস্ট বেঙ্গল মাঠের পর আগামী কয়েকদিন ইডেন গার্ডেনস সহ কলকাতার বেশ কিছু ঐতিহাসিক লোকেশনে ছবির বাকি অংশের কাজ চলবে। ক্রীড়াজগত ও বিনোদন দুনিয়ার এই মেলবন্ধন বক্স অফিসে বড়সড় সাফল্য আনবে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। একই সঙ্গে ক্রিকেটের মক্কা ইডেনে সৌরভের সেই সোনালী দিনগুলোকে রুপোলী পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *