সুপ্রিম কোর্টে ফের স্থগিত ডিএ মামলার শুনানি, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিনক্ষণ পরিবর্তন

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত আইনি জট কাটছে না। দীর্ঘ প্রতীক্ষার পর শীর্ষ আদালতে ফের এই মামলার শুনানি স্থগিত হয়ে গেল। একইসঙ্গে নবান্নে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকের দিনক্ষণও পরিবর্তিত হয়েছে।
আদালতে মামলার বর্তমান পরিস্থিতি
বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতা শুনানি স্থগিতের বিষয়টি জানান। মামলাকারী কর্মচারী সংগঠনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য জুলাই মাস পর্যন্ত মামলাটি স্থগিত রাখার আবেদন জানান। এই সময়ের মধ্যে বিষয়টির উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা রয়েছে বলে তিনি আদালতকে জানান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত জানিয়েছে, ডিএ মামলার পরবর্তী শুনানি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হবে।
১ জুন নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক
রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বকেয়া ডিএ মেটানোর বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই লক্ষ্যে কর্মচারী সংগঠন ও সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে ৩০ মে একটি বৈঠকের দিন ধার্য করা হয়েছিল। তবে বর্তমানে সেই তারিখ পরিবর্তন করে আগামী ১ জুন করা হয়েছে। ওইদিন বিকেল পাঁচটায় নবান্নে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এর আগে সপ্তম পে কমিশনের ঘোষণা করা হলেও ডিএ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ অবিলম্বে মেটানোর জন্য, যা নিয়ে পরবর্তী পদক্ষেপগুলো এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।