কুরবানি আটকে গেল ভাইরাল ‘ট্রাম্পের’, সেলেব মোষের নতুন ঠিকানা ঢাকার জাতীয় চিড়িয়াখানা

বাংলাদেশে বকরি ইদ উপলক্ষে কুরবানির জন্য প্রস্তুত ৭০০ কেজি ওজনের এক বিরল অ্যালবিনো মোষের কুরবানি শেষ মুহূর্তে আটকে দিল বাংলাদেশ সরকার। ঘন ও রেশমি ব্লন্ড চুলের কারণে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে ওঠা এই মোষটির নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। ব্যাপক জনদাবি এবং অভূতপূর্ব জনপ্রিয়তার মুখে স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপে মোষটির প্রাণভিক্ষা দেওয়া হয়েছে। কসাইয়ের হাত থেকে বাঁচিয়ে সেটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনপ্রিয়তার জেরে সরকারি হস্তক্ষেপ
৩৮ বছর বয়সী জিয়াউদ্দিন মৃধার খামারে বড় হওয়া এই মোষটির মাথায় সোনালি চুলের কারণে ট্রাম্পের সঙ্গে মিল রেখে নাম রাখা হয়েছিল। ইদের হাটে বিক্রির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি ও ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। দূর-দূরান্ত থেকে মানুষ, শিশু এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা মোষটির সঙ্গে সেলফি তুলতে ভিড় জমাতে শুরু করেন। নজিরবিহীন এই জনপ্রিয়তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মোষটিকে কুরবানি না করার নির্দেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে ক্রেতাকে বুঝিয়ে মোষটি জবাই করা থেকে বিরত রাখা হয়।
ঘটনার কারণ ও চিড়িয়াখানায় পুনর্বাসন
কেরানিগঞ্জ থানার ওসি মহম্মদ রুহুল কুদ্দুস জানান, প্রাণীসম্পদ দফতরের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত বাংলাদেশে কালো মোষ দেখা গেলেও এই অ্যালবিনো মোষটি অত্যন্ত বিরল এবং এখনও বেশ তরুণ। তাই দেশের সম্পদ হিসেবে এটিকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত হয়। ঢাকার জাতীয় চিড়িয়াখানায় ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পরূপী মোষটির জন্য একটি আলাদা এনক্লোজার তৈরি করা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সুরক্ষার স্বার্থে প্রথমে সেটিকে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে এবং পরবর্তীতে সাধারণ মানুষের দর্শনের জন্য উন্মুক্ত করা হবে। এই বিরল প্রাণীর দেখভালের জন্য সার্বক্ষণিক কেয়ারগিভারও নিয়োগ করা হয়েছে।