চিন সীমান্তে প্রকৃতির তাণ্ডব, বাতিল রাষ্ট্রপতির নাথু লা সফর

চিন সীমান্তে প্রকৃতির তাণ্ডব, বাতিল রাষ্ট্রপতির নাথু লা সফর

তিনদিনের সিকিম সফরে গিয়ে ভারত-চিন সীমান্তের নাথু লায় প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার বর্ডার পোস্ট পরিদর্শনে গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটানোর কথা থাকলেও, প্রবল বৃষ্টি ও ভারী তুষারপাতের কারণে নিরাপত্তার স্বার্থে শেষ মুহূর্তে সেই সফর বাতিল করতে বাধ্য হয় প্রশাসন।

বরফ ও কুয়াশায় অবরুদ্ধ সীমান্ত

বুধবার সকাল থেকেই ভারত-চিন সীমান্তের নাথু লা পাস এবং সংলগ্ন এলাকায় আবহাওয়া দ্রুত খারাপ হতে শুরু করে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এদিন সীমান্ত অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। তুষারপাতের সঙ্গে ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডা হাওয়া বইতে থাকায় দৃশ্যমানতা প্রায় শূন্যে ঠেকে। এই পরিস্থিতিতে সড়কপথে যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং আকাশপথে হেলিকপ্টার চলাচলও আসাম্ভব হয়ে পড়ে। মূলত জওয়ানদের মনোবল বাড়াতে এবং সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে রাষ্ট্রপতির এই সফর নির্ধারিত ছিল, যা প্রকৃতির বাধায় স্থগিত করতে হয়।

সমাবর্তন ও পরবর্তী কর্মসূচি

নাথু লা সফর বাতিল হলেও রাষ্ট্রপতির সিকিম সফরের অন্যান্য কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। বুধবার সন্ধ্যায় তিনি গ্যাংটকের মানন ভবনে সিকিম বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে যে, আগামী ২ জুন পর্যন্ত ওই এলাকায় বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকতে পারে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বৃহস্পতিবার গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্টস পুলিশ কালার’ সম্মান প্রদান করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *