চাকরির প্রলোভন দেখিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার নেতা

চাকরির প্রলোভন দেখিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার নেতা

চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার টিভেকে নেতা!

তামিলনাড়ুর তুতিকোরিন জেলায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই জঘন্য অপরাধের অভিযোগে তামিলগ ভেত্রি কাজাগাম (টিভেকে) দলের স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন ওই দলের জেলা যুব শাখার সংগঠক হওয়ায় ঘটনাটি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

ফাঁদে ফেলে নৃশংসতা

ভুক্তভোগী তরুণী তুতিকোরিনের এরাল তালুক এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তাকে ভালো চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে। এরপর তাকে রামানাথপুরম এলাকার একটি লজে নিয়ে যাওয়া হয়। সেখানে কৌশলে ওই তরুণীর পানীয়তে মাদক মিশিয়ে অচেতন করা হয়। তরুণী জ্ঞানহীন হওয়ার সুযোগ নিয়ে দুই অভিযুক্ত তাকে পাশবিক নির্যাতন চালায়। জ্ঞান ফেরার পর ভুক্তভোগী নিজেই শ্রীবৈকুণ্ঠম মহিলা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

রাজনৈতিক মহলে অস্বস্তি

গ্রেপ্তারকৃতদের নাম বালামুরুগান ও জয়পাল। তারা দুজনেই টিভেকে দলের সক্রিয় নেতা বলে জানা গেছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সদ্য গঠিত সরকারের আমলেই এভাবে রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ ওঠায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। কিছুদিন আগেই পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠায় তোলপাড় হয়েছিল রাজ্যজুড়ে। এবার রাজনৈতিক নেতার সংশ্লিষ্টতা থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনায় মুখর হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *