আইএসআই-এর মদতে নারী নেত্রীকে খুনের ছক! ইউপিতে গ্রেফতার পাক-যোগযুক্ত যুবক

ইউপি মহিলা নেত্রীকে খুনের ছক, আইএসআই যোগে ধৃত যুবক!
উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এক ভয়ংকর নাশকতার পরিকল্পনা বানচাল করল উত্তরপ্রদেশ সন্ত্রাস দমন শাখা বা এটিএস। রাজ্যটির আজমগড় জেলা থেকে মহম্মদ শেখ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার-সন্ত্রাসবাদী শেহজাদ ভাট্টির নির্দেশে সে রাজ্যের এক বিশিষ্ট মহিলা রাজনৈতিক নেত্রীকে হত্যার ছক কষেছিল।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কট্টরপন্থা ও আইএসআই যোগ
তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধৃত যুবককে কট্টরপন্থী করে তোলা হয়েছিল। দুবাই ও পাকিস্তান থেকে শেহজাদ ভাট্টির নেটওয়ার্ক এনক্রিপ্টেড চ্যাট অ্যাপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ রাখত। এটিএস তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, কার্তুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। শেহজাদ ভাট্টি ভারতীয় তদন্তকারী সংস্থার কাছে একজন মোস্ট ওয়ান্টেড অপরাধী। সে ব্যবসায়ীর ছদ্মবেশে ভারতজুড়ে স্লিপার সেল তৈরি করছে এবং যুবকদের প্ররোচিত করে লক্ষ্যভেদী হত্যাকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।
হত্যার নেপথ্যে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা
তদন্তকারীদের দাবি, এই মহিলা নেত্রীকে হত্যা করা ছিল মহম্মদ শেখের ‘ট্রায়াল মিশন’। এটি সফল হলে তাকে আরও বড় কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত করার পরিকল্পনা ছিল আইএসআই-এর। মূলত নির্বাচনের আগে উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে উত্তপ্ত করা এবং আতঙ্ক ছড়ানোই ছিল এই চক্রান্তের মূল উদ্দেশ্য। ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে বিএনএস (BNS), অস্ত্র আইন এবং ইউএপিএ (UAPA)-র অধীনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে সে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে এবং তার মাধ্যমে এই নেটওয়ার্কে যুক্ত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এটিএস।