বিশ্বকাপ দেখতে পকেটে টান, জি৫-এর সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা

আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ উদ্যোগে আয়োজিত এই মেগা টুর্নামেন্ট ভারতে কোথায় দেখা যাবে, তা নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা কেটেছে। ভারতের ফুটবলপ্রেমীদের জন্য সম্প্রচার স্বত্ব কিনেছে জি এন্টারটেইনমেন্ট। তবে স্বস্তির খবরের মাঝেই ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখার সাবস্ক্রিপশন ফি নিয়ে নতুন করে বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে ক্রীড়ামহলে।
টাকা নিয়ে বাড়ছে ক্ষোভ
জি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, টেলিভিশনের পাশাপাশি তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম জি৫ অ্যাপের মাধ্যমে মোবাইল, ট্যাব ও স্মার্ট টিভিতে সরাসরি ম্যাচ দেখা যাবে। তবে এর জন্য যে সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে, তা সাধারণ দর্শকদের একাংশের মতে বেশ চড়া। জি৫-এর বিশেষ তিন মাসের সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৭৯৯ টাকা, যা সর্বোচ্চ তিনটি ডিভাইসে ব্যবহার করা যাবে। তবে এই প্যাকেজে বিজ্ঞাপন থাকবে। এছাড়া ১ হাজার ৬৯৯ টাকার একটি বার্ষিক প্ল্যানও রয়েছে। ফুটবলপ্রেমীদের মূল আপত্তি এখানেই, যেখানে বিশ্বকাপ প্রায় ৪০ দিনের টুর্নামেন্ট, সেখানে শুধুমাত্র বিশ্বকাপের জন্য আলাদা কোনো কম দামের পাক্ষিক বা মাসিক প্ল্যান কেন আনা হলো না। ৪০ দিন খেলা দেখার জন্য ৭৯৯ টাকা খরচ করাকে অনেকেই অতিরিক্ত বলে মনে করছেন।
মাতৃভাষায় খেলা দেখার সুযোগ
ডিজিটাল প্ল্যাটফর্মের খরচ নিয়ে বিতর্ক থাকলেও টেলিভিশনের ক্ষেত্রে জি বড়সড় চমক নিয়ে আসছে। বিশ্বকাপ সম্প্রচারের জন্য ‘ইউনাইট৮ স্পোর্টস’ নামে চারটি নতুন ক্রীড়া চ্যানেল চালু করতে চলেছে তারা। এই চ্যানেলগুলিতে ইংরেজি ও হিন্দির পাশাপাশি বাংলা এবং মালয়ালম ভাষায় ম্যাচ উপভোগ করা যাবে। ফলে বাঙালি ফুটবলপ্রেমীরা এবার নিজেদের মাতৃভাষায় বিশ্বকাপের রোমাঞ্চকর মুহূর্তগুলির আনন্দ নিতে পারবেন। ২০৩৪ সাল পর্যন্ত ফিফার সঙ্গে জি-এর এই চুক্তি কার্যকর থাকবে বলে জানা গেছে।
গভীর রাতের ম্যাচ ও ভবিষ্যতের প্রভাব
ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের দর্শকদের অধিকাংশ ম্যাচই গভীর রাতে বা ভোরবেলা দেখতে হবে। এই পরিস্থিতিতে টেলিভিশনের চেয়ে ওটিটি বা ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখার প্রবণতা অনেক বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। কিন্তু জি৫-এর বর্তমান চড়া মূল্যের সাবস্ক্রিপশন নীতি দর্শকদের বড় অংশকে পাইরেসি বা অবৈধ স্ট্রিমিং লিঙ্কের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টেলিভিশনে এই নতুন চ্যানেলগুলি দেখার জন্য কত টাকা অতিরিক্ত দিতে হবে, তা জি এখনও স্পষ্ট করেনি। ফলে বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হলেও সম্প্রচার খরচ নিয়ে বিতর্ক আপাতত বহাল থাকছে।