ভূতুড়ে উপভোক্তাদের রেশন রুখতে কড়া পদক্ষেপ, বিপুল অর্থ সাশ্রয়ে এবার শুভেন্দু সরকারের বড় সিদ্ধান্ত

ভূতুড়ে উপভোক্তাদের রেশন রুখতে কড়া পদক্ষেপ, বিপুল অর্থ সাশ্রয়ে এবার শুভেন্দু সরকারের বড় সিদ্ধান্ত

রাজ্যের কোষাগারের ওপর চাপ কমাতে এবং সরকারি অর্থের অপব্যয় রুখতে এবার খাদ্যসাথী প্রকল্পে বড়সড় রদবদলের পথে হাঁটছে রাজ্য সরকার। ‘অযোগ্য’ এবং ‘ভূতুড়ে’ উপভোক্তাদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দিতে একটি বিশেষ অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর-এর তথ্যের ওপর ভিত্তি করে এই স্ক্রিনিং চালানো হবে। যে সমস্ত উপভোক্তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের খাদ্যসাথী প্রকল্প থেকেও বাদ দেওয়ার আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে সংশ্লিষ্ট দফতর।

৬৩ লক্ষ রেশন কার্ড নিষ্ক্রিয় করার লক্ষ্য

সরকারি নির্দেশিকা অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের জেরে যে ৬৩ লক্ষ নাগরিকের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের রেশন কার্ড সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হবে। তবে যে সমস্ত ব্যক্তিরা সিএএ-র অধীনে নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন কিংবা নাম বাদ যাওয়ার পর এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাঁদের রেশন কার্ড এখনই বাতিল হচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁরা এই সুবিধার আওতাভুক্ত থাকবেন। ব্লক এবং মহকুমা স্তরের আধিকারিকরা এই যাচাইকরণ প্রক্রিয়ার মূল দায়িত্বে রয়েছেন। বিডিও এবং এসডিও-দের পাঠানো তালিকা ধরে খাদ্য ও সরবরাহ বিভাগের কর্মীরা সরাসরি উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন। আগামী ১৫ জুনের মধ্যে এই স্ক্রিনিং প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আর্থিক সাশ্রয় ও জনকল্যাণমুখী প্রকল্পের ভারসাম্য

বর্তমানে বিপুল সংখ্যক মানুষ খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে রেশন পান, যার জন্য ধান সংগ্রহ করতেই সরকারের বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয় হয়। রাজ্যের বর্তমান রাজস্ব পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অপচয় রোধ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রশাসনের দাবি, পূর্ববর্তী সরকারের আমলে এই সমস্ত প্রকল্পে বিপুল পরিমাণ অর্থের অপব্যবহার হয়েছে। এদিকে নতুন সরকার ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করতে চলেছে, যেখানে আনুমানিক দুই কোটি মহিলাকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। এই একটি প্রকল্পেই বছরে প্রায় ৭২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রয়োজন। ফলে অন্নপূর্ণা যোজনার মতো মেগা প্রকল্পগুলোর খরচ সামাল দিতে এবং সরকারি কোষাগারকে সুরক্ষিত রাখতেই রেশন ব্যবস্থার এই বেনোজল সাফ করার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *