ভারতে ফের পোলিওর আতঙ্ক! গাজিয়াবাদের জলের প্লান্টে মারণ ভাইরাসের খোঁজ

পোলিওমুক্ত ভারতের লড়াইয়ে বড়সড় ধাক্কা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি জল শোধনাগারে ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস (VDPV) টাইপ ১ শনাক্ত করা হয়েছে। নিয়মিত পয়ঃনিষ্কাশন পরীক্ষার অংশ হিসেবে গাজিয়াবাদের দুন্দাহেরা এসটিপি থেকে দূষিত জলের নমুনা সংগ্রহ করে দিল্লিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সোমবার সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই স্বাস্থ্যমহলে চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
জরুরি সতর্কতা ও বিশেষ অভিযান
পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত তৎপর হয়েছে উত্তরপ্রদেশ স্বাস্থ্যদপ্তর। তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠক ডেকে শহরের ১২টি অতিসংবেদনশীল এলাকা চিহ্নিত করা হয়েছে। সংক্রমণ রুখতে বড় পরিসরে বিশেষ অভিযান শুরু হচ্ছে। এর জন্য ১০৭টি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই দলগুলি বাড়ি বাড়ি ঘুরে শূন্য থেকে পাঁচ বছর বয়সি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করবে এবং তাদের পোলিও টিকা খাওয়ানোর ব্যবস্থা করছে।
সংক্রমণের কারণ ও সম্ভাব্য ঝুঁকি
বিশেষজ্ঞদের মতে, পোলিও ভাইরাস টিকা না নেওয়া শিশুদের অন্ত্রে সহজে বংশবিস্তার করে এবং মলের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ে। প্রাথমিক ধারণা, দুর্বল স্যানিটাইজেশন বা নিকাশি ব্যবস্থার কারণে আক্রান্তদের মল থেকে এই ভাইরাস পয়ঃনিষ্কাশন কেন্দ্রে এসে পৌঁছেছে। এই ভাইরাস মূলত টিকা না পাওয়া বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন শিশুদের পক্ষাঘাতগ্রস্ত করে তোলার মতো মারাত্মক ঝুঁকি তৈরি করে। জেলার সার্ভিল্যান্স আধিকারিক ড. আরকে গুপ্তা জানিয়েছেন, এই ঘটনা নিশ্চিতভাবেই উদ্বেগের। তাই স্বাস্থ্যবিভাগ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি শিশুর উপর নজরদারি চালাচ্ছে এবং ভাইরাসের মূল উৎস সন্ধানে তদন্ত শুরু হয়েছে।