৩৭০ টাকার বিরিয়ানির বদলে যৌনতার দাবি, বিপাকে সঞ্চালক প্রণীত!

সোশ্যাল মিডিয়ায় স্ট্যান্ড-আপ কমেডির নামে কুরুচিকর ও যৌনগন্ধী মন্তব্য ছড়ানোর অভিযোগে চরম বিতর্ক তৈরি হয়েছে। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার কাঠগড়ায় ‘দ্য অশ্লীল শো’ এবং এর সঞ্চালক প্রণীত মোরে। নারী জাতির প্রতি অবমাননা এবং বিকৃত মানসিকতারচারের অভিযোগে মহারাষ্ট্র সাইবার ক্রাইমের নোডাল সাইবার পুলিশ স্টেশনে প্রণীতসহ শোয়ের বেশ কয়েকজন অতিথির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
নারীকে অবমাননা ও কুরুচিকর রসিকতা
বিতর্কের সূত্রপাত শোয়ে আমন্ত্রিত অতিথি হিমাংশু জাংরার একটি বক্তব্যকে কেন্দ্র করে। ডেটিং সংস্কৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে ওই তরুণ দাবি করেন, এক তরুণীকে ৩৭০ টাকার বিরিয়ানি খাইয়ে তিনি পরে শারীরিক সম্পর্কের দাবি তোলেন। অন্ধকার পার্কে নিয়ে গিয়ে তরুণীকে জোরপূর্বক চুম্বন ও যৌন হেনস্থা করার মতো চাঞ্চল্যকর ও আপত্তিকর দাবিও করা হয় ওই শোয়ে। পাশাপাশি, এক তরুণী চিকিৎসকের মৃত পুরুষের গোপনাঙ্গ নিয়ে ঠাট্টা করার ঘটনাও আগুনে ঘি ঢালে। অভিযোগ উঠেছে, নিছক বিনোদন বা ভিউ বাড়ানোর নামে এই ধরনের অত্যন্ত নিম্নরুচির কনটেন্ট ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছিল, যার পেছনে ছিল আর্থিক ও বাণিজ্যিক মুনাফার লোভ।
আইনের খাঁড়ায় প্রণীত ও তাঁর অতিথিরা
মহারাষ্ট্র সাইবার শাখার কঠোর পদক্ষেপের মুখে পড়ে শুধু সঞ্চালক প্রণীত নন, আইনি জালে জড়িয়েছেন হিমাংশু জাংরা, ডঃ সেজল পাওয়ারের মতো অতিথিরাও। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ৭৫ (১) (iv), ৭৫ (৩), ২৯৪ ও ৩৫৩ (২) এবং তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের সমন জারি করে মহারাষ্ট্র সাইবার শাখায় হাজির হয়ে বয়ান নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক অতীতে সমন রায়নার মন্তব্যের জেরে সঞ্চালক রণবীর এলাহাবাদিয়াসকে যেভাবে খেসারত দিতে হয়েছিল, এক্ষেত্রেও অন্যের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য মূল সঞ্চালককে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। সমাজমাধ্যমে এহেন নারীবিদ্বেষী ও অশ্লীল কনটেন্টের প্রসার ভবিষ্যতে ডিজিটাল নির্মাতাদের ওপর আইনি নজরদারি আরও কঠোর করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।