এবার অভিষেকের বাড়িতে সিআইডি, ক্ষোভে ফেটে পড়ে ‘গো ব্যাক’ স্লোগান স্থানীয়দের

এবার অভিষেকের বাড়িতে সিআইডি, ক্ষোভে ফেটে পড়ে ‘গো ব্যাক’ স্লোগান স্থানীয়দের

কলকাতা: বিধানসভা নির্বাচনের মুখে আরও চড়ল রাজনৈতিক পারদ। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে হাজির হলো রাজ্য সিআইডি (CID) টিম। ভোটপ্রচারে গিয়ে তাঁর বিতর্কিত ‘ডিজে বাজাবে’ মন্তব্যের জেরে দায়ের হওয়া অভিযোগের তদন্তেই শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা।

তবে সিআইডি টিম যখন তাঁর বাড়িতে পৌঁছায়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন না। দলীয় সূত্রে খবর, সেই সময় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত ছিলেন তিনি। অভিষেক বাড়ি না থাকায় সিআইডি আধিকারিকরা তাঁর হাতে নোটিশ তুলে দিতে পারেননি। ফলে দীর্ঘক্ষণ তাঁর বাড়ির সামনেই অপেক্ষা করতে হয় তদন্তকারীদের।

তীব্র উত্তেজনা কালীঘাটে, ‘গো ব্যাক’ স্লোগান:

এদিকে বারবার অভিষেকের বাড়িতে সিআইডি হানার ঘটনায় পটুয়াপাড়া এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল সাংসদকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে সরব হন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে অভিষেকের বাড়ির সামনে ভিড় জমে যায়। সেখানে উপস্থিত হন তৃণমূলের আইনজীবীরাও। উত্তেজিত জনতা সিআইডি আধিকারিকদের ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করে।

আইনজীবীদের প্রশ্ন, বিধানসভায় সই জাল করার মামলায় ঠিক আগের দিন (বৃহস্পতিবার) যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সিআইডি দফতরে গিয়ে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ফেস করেছেন, সেখানে পরদিনই আবার কোন উদ্দেশ্যে তাঁর বাড়িতে চলে এলেন তদন্তকারীরা?

জানা গেছে, ভোটপ্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে বাগুইআটি থানায় অভিষেকের বিরুদ্ধে একটি নতুন অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলারই নোটিশ দিতে এদিন সিআইডির টিম পটুয়াপাড়ায় যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি না-থাকায় সেই নোটিশ কে রিসিভ করবেন, তা নিয়ে দীর্ঘক্ষণ জটিলতা তৈরি হয়। ভোটের মুখে এই সিআইডি হানা ঘিরে পটুয়াপাড়ায় পরিস্থিতি এখন রীতিমতো উত্তপ্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *