রাজ্য সরকারি কর্মীদের বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার! খরচ কমাতে বড় পদক্ষেপ নবান্নর

রাজ্য সরকারি কর্মীদের বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার! খরচ কমাতে বড় পদক্ষেপ নবান্নর

রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের আবাসনে এবার ডোমেস্টিক স্মার্ট ইলেকট্রিক মিটার বসানো বাধ্যতামূলক করল নবান্ন। সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মী, আধা-সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অন্যান্য যে সকল প্রতিষ্ঠানের কর্মীরা সরাসরি রাজ্যের রাজকোষ থেকে বেতন বা পারিশ্রমিক পান, তাঁদের সকলের বাসস্থানে এই নতুন প্রযুক্তির মিটার বসানো হবে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সমস্ত জেলাশাসক, পুলিশ কমিশনার এবং বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

বড়সড় আর্থিক ক্ষতি রুখতেই এই সিদ্ধান্ত

প্রাথমিক পর্যায়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কো ম্পা নির ৫৫৪টি কাস্টমার কেয়ার সেন্টারের মধ্যে ১০৩টি কেন্দ্রকে এই কাজের জন্য চিহ্নিত করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই নির্দিষ্ট এলাকাগুলিতে বিদ্যুৎ বণ্টনে ক্ষতির পরিমাণ অত্যধিক বেশি, যার জেরে রাজকোষের উপর বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে। এই ক্ষতি ও অপচয় কমাতেই প্রথম ধাপে এই এলাকাগুলিতে এবং পরবর্তী পর্যায়ে বাকি কেন্দ্রগুলিতে স্মার্ট মিটার বসানোর কাজ হবে। গ্রাহকদের সুবিধার্থে এই মিটারগুলি প্রাথমিকভাবে বর্তমান ব্যবস্থার মতো পোস্ট-পেড হিসেবে কাজ করলেও, ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর গ্রাহকরা চাইলে নিজেদের সুবিধামতো প্রি-পেড ব্যবস্থা বেছে নিতে পারবেন।

সরকারি অফিসে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ

বিদ্যুতের খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব শক্তির ব্যবহারে জোর দিতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত সরকারি অফিসের ছাদে বা ফাঁকা জায়গায় রুফটপ সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, জায়গা সাপেক্ষে ৫ থেকে ১৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পগুলি গড়ে তোলা হবে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন রাজ্যে পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বৃদ্ধি পাবে, তেমনই সরকারি দপ্তরগুলির বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচও আগামী দিনে উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *