৫০০ টাকা দিলেই ফেরত মিলবে বাজেয়াপ্ত মদ! পর্যটককে লুটে সাসপেন্ড পুলিশকর্মী

৫০০ টাকা দিলেই ফেরত মিলবে বাজেয়াপ্ত মদ! পর্যটককে লুটে সাসপেন্ড পুলিশকর্মী

চেন্নাই: মদ উদ্ধারের পর তা ফেরত দেওয়ার জন্য খোদ পুলিশের ঘুষ নেওয়ার এক চাঞ্চল্যকর ভিডিও সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিখ্যাত পর্যটন কেন্দ্র কোডাইকানালের পাহাড়ি রাস্তায়। এই ঘটনার জেরে ইতিমিধ্যেই অভিযুক্ত হেড কনস্টেবলকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পালানি-কোডাইকানাল ঘাট রোডের আয়্যামপুল্লি পুলিশ চেকপোস্টে তল্লাশি চালাচ্ছিলেন কর্তব্যরত পুলিশকর্মীরা। সেই সময় কেরল থেকে আসা পর্যটকদের একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালাতেই গাড়ি থেকে ভিনরাজ্যের বেশ কিছু মদের বোতল উদ্ধার হয়। নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া এই মদ নিয়ে যাওয়ার অপরাধে বোতলগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।

৫০০ টাকার ঘুষ ও ভাইরাল ভিডিও:

অভিযোগ, সেখানে ডিউটিতে থাকা হেড কনস্টেবল অলগরসামি পর্যটকদের একটি গোপন প্রস্তাব দেন। তিনি জানান, মাত্র ৫০০ টাকা দিলেই বাজেয়াপ্ত হওয়া সমস্ত মদের বোতল পর্যটকদের ফিরিয়ে দেওয়া হবে। পর্যটকরা রাজি হয়ে পুলিশকর্মীর হাতে ৫০০ টাকার নোট তুলে দেন। কিন্তু ঘুষ নেওয়ার এই পুরো ঘটনাটি পিছন থেকে অন্য এক ব্যক্তি নিজের মোবাইল ক্যামেরায় বন্দি করে নেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন।

ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই পুলিশ মহলে তীব্র শোরগোল পড়ে যায়। ঘটনাটি নজরে আসতেই ডিন্ডিগুল জেলার পুলিশ সুপার (SP) তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে ভিডিওর সত্যতা এবং হেড কনস্টেবল অলগরসামির ঘুষ নেওয়ার প্রমাণ মিলতেই পুলিশ সুপার তাঁকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ জারি করেন। পুলিশের এই কীর্তি নিয়ে এখন পর্যটক ও স্থানীয় মানুষদের মধ্যে তুমুল চর্চা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *