সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশ নবান্নের! ২১ জুন সকাল সাড়ে ৬টায় যোগ দিবসে হাজিরা বাধ্যতামূলক

সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশ নবান্নের! ২১ জুন সকাল সাড়ে ৬টায় যোগ দিবসে হাজিরা বাধ্যতামূলক

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব নির্দেশিকা জারি করল নবান্ন। আগামী ২১ জুন, রবিবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে পৌনে ৮টা পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের কর্মীদের যোগব্যায়াম অনুষ্ঠানে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কর্মচারীদের তাঁদের নিজস্ব দপ্তর, আবাসন অথবা কলকাতার রেড রোড বা মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে।

উল্লেখ্য, এবার কলকাতার রেড রোডে আয়োজিত যোগ দিবসের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তার আগেই সোমবার রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল একটি কড়া বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে বলা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি অফিসের কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই যোগ কর্মসূচিতে শামিল হতেই হবে। নবান্নের এই নির্দেশিকা থেকে ছাড় পাচ্ছেন না কেউই। রাজ্য সরকারের সমস্ত স্তরের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক এবং সাম্মানিক বা অনারারিয়াম (Honorarium) প্রাপক কর্মীদেরও এই কর্মসূচিতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যজুড়ে বড় উদ্যোগ:

২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের পর থেকে প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ পালিত হয়ে আসছে। তবে রাজ্যে ক্ষমতা বদলের পর এবার যোগ দিবস পালনে বাড়তি তৎপরতা দেখাচ্ছে বর্তমান রাজ্য সরকার। সেই কারণেই রাজ্য জুড়ে সমস্ত সরকারি দপ্তরে এই কর্মসূচি পালনের পাশাপাশি কলকাতার রেড রোডে মোদী-শুভেন্দুর উপস্থিতিতে এক বিশাল যোগ শিবিরের আয়োজন করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *