‘কুণাল ঘোষকে অত্যাচারী বলে লক্ষ্য করে ডিম!’ গ্রেপ্তার ২
কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় অবশেষে পুলিশি অ্যাকশন। সোমবার সন্ধ্যার এই হাইভোল্টেজ কাণ্ডের পর, মঙ্গলবার সকালে চন্দন ও রবি নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ।
সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনোর সময় আচমকাই কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এই ঘটনার পরই সোমবার রাতে কালীঘাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা। এরপরই তৎপর হয়ে পুলিশ দুই অভিযুক্তকে জালে তোলে।
‘কুণাল বহু মানুষের ওপর অত্যাচার করেছেন’
ডিম ছোড়ার পরপরই সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করেছিলেন ধৃত অভিযুক্ত চন্দন। কুণাল ঘোষের দিকে আঙুল তুলে তাঁর দাবি ছিল, কুণাল ঘোষ নাকি অতীতে বহু মানুষের ওপর অত্যাচার করেছিলেন, আর সেই ক্ষোভ থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।
তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের, তুললেন সিআইডি যোগের অভিযোগ:
এদিকে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কুণাল ঘোষ। তাঁর চাঞ্চল্যকর দাবি, যিনি তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়েছেন, তিনি আদতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি হানার সময় পুলিশের সাক্ষী ছিলেন। এমনকি সিজার লিস্টেও নাকি ওই ব্যক্তির সই ছিল।
সোমবারের এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কুণাল ঘোষ স্পষ্ট জানান, এসব ডিম হামলায় তিনি ভয় পাওয়ার পাত্র নন। অতীতে বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে যখন হামলা হয়েছিল, তখনও তিনি সোচ্চার হয়েছিলেন। ফলে এই ধরনের আক্রমণকে তিনি বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না। তবে মুখ্যমন্ত্রীর বাড়ির মতো হাই-সিকিউরিটি জোনে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।