এবার দেশ ছাড়ার আশঙ্কায় অভিষেকের আপ্তসহায়ক সুমিতের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস!

এবার দেশ ছাড়ার আশঙ্কায় অভিষেকের আপ্তসহায়ক সুমিতের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস!

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (PA) সুমিত রায়ের বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপ নিল সিআইডি। সোমবার মেদিনীপুর জেলা আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার তাঁর নামে জারি করা হলো ‘লুকআউট নোটিস’। জমি জালিয়াতি মামলায় অভিযুক্ত সুমিত যাতে কোনওভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন, তার জন্যই এই তৎপরতা বলে সিআইডি সূত্রে খবর।

যদিও সিআইডির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। অন্যদিকে, গ্রেপ্তারি এড়াতে সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তাঁর আইনজীবী আগাম জামিনের আবেদন জানিয়েছেন, যার শুনানি চলতি সপ্তাহেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালীঘাটে অভিষেকের বাড়িতে হানা, তাও মেলেনি খোঁজ:

জমি জালিয়াতি মামলার তদন্তে নেমে গত কয়েকদিন ধরেই সুমিত রায়ের সন্ধানে মরিয়া তল্লাশি চালাচ্ছে পুলিশ ও সিআইডি। গত শনিবার ভোররাতে কালীঘাটে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালান তদন্তকারীরা। সিআইডি সূত্রের দাবি, সুমিতের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন অভিষেকের বাড়িই দেখাচ্ছিল। কিন্তু সেখানেও তাঁর হদিস মেলেনি। একই দিনে হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও অভিযান চালানো হয়, তবে সেখানেও তিনি ছিলেন না।

তদন্তকারীদের নজরে কেন সুমিত রায়?

তদন্তকারী সূত্রে জানা গেছে, মেদিনীপুরের জমি দুর্নীতি মামলায় কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে। তাঁকে হেফাজতে নিয়ে লাগাতার জেরা করার সময়ই এই কোটি কোটি টাকার জমি জালিয়াতির সাথে সুমিত রায়ের সরাসরি যোগসূত্রের কথা জানতে পারেন তদন্তকারীরা। তারপর থেকেই সুমিত রায়ের খোঁজ চালাচ্ছে পুলিশ, যা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *