মহারাষ্ট্রে এবার কাকলি মডেল! ভাঙনের মুখে উদ্ধব শিবিরের শিবসেনা

মহারাষ্ট্রে এবার কাকলি মডেল! ভাঙনের মুখে উদ্ধব শিবিরের শিবসেনা

মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড়সড় রদবদলের ইঙ্গিত। শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) বা ইউবিটি-র অন্দরে ফের গভীর ভাঙনের কালো মেঘ ঘনিয়ে উঠেছে। দলের বেশ কয়েকজন সাংসদ হঠাৎ করেই ‘আন-রিচেবল’ বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। জানা গিয়েছে, এই বিক্ষুব্ধ সাংসদরা খুব শীঘ্রই শিবির বদলে রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিতে চলেছেন।

‘অপারেশন টাইগার’ ও কাকলি মডেলের ছায়া

উদ্ধব শিবিরের অন্তত ছয় থেকে সাতজন সাংসদ দলবদলের জন্য প্রস্তুত বলে খবর। ‘অপারেশন টাইগার’ নামের এই দল ভাঙার চেষ্টার সঙ্গে রাজনৈতিক মহল সম্প্রতি ঘটে যাওয়া ‘কাকলি মডেল’-এর প্রভূত মিল খুঁজে পাচ্ছেন। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে লোকসভায় আলাদা ফ্রন্ট তৈরি করে দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে এনসিপিআই (NCPI) দলে যোগ দিয়েছিলেন। ঠিক সেই পথ অনুসরণ করেই উদ্ধব শিবিরের বিক্ষুব্ধ সাংসদরাও স্পিকারের কাছে আলাদা ফ্রন্ট গঠনের দাবি জানিয়ে পরে একনাথ শিন্ডের দলে মিশে যাওয়ার পরিকল্পনা করছেন। বিক্ষুব্ধদের এই তালিকায় সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল অস্তিকর, ওমরাজে নিম্বলকর-সহ আরও বেশ কয়েকজনের নাম উঠে আসছে।

শিন্ডের পরিকল্পনা ও রাজনৈতিক প্রভাব

ইতিমধ্যেই একনাথ শিন্ডে দিল্লিতে অবস্থান করছেন। খবর অনুযায়ী, বিক্ষুব্ধ সাংসদরা আজ দিল্লিতে শ্রীকান্ত শিন্ডের বাসভবনে একনাথ শিন্ডের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এরপরই তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে আলাদা ফ্রন্ট তৈরির আনুষ্ঠানিক দাবি জানাতে পারেন। মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রতাপ সরনাইকও স্পষ্ট জানিয়েছেন যে, বাল ঠাকরের আদর্শে বিশ্বাসীরা শিন্ডের নেতৃত্বে আসতে চাইলে শিবসেনার দরজা সর্বদা খোলা রয়েছে। এই রাজনৈতিক পদক্ষেপ চূড়ান্তভাবে সফল হলে উদ্ধব ঠাকরের অবশিষ্ট সাংগঠনিক শক্তি কার্যত তলানিতে এসে ঠেকবে এবং মহারাষ্ট্রের রাজনীতিতে শিন্ডে গোষ্ঠীর ক্ষমতা ও আধিপত্য আরও সুদৃঢ় হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *