মেসি কাণ্ডে তোলপাড় কলকাতা, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবার সরাসরি পুলিশে ইমেল এলএম টেনের টিমের

মেসি কাণ্ডে তোলপাড় কলকাতা, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবার সরাসরি পুলিশে ইমেল এলএম টেনের টিমের

কলকাতায় লিওনেল মেসির সফর এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের নজিরবিহীন বিশৃঙ্খলা-কাণ্ডে এবার যোগ হল এক বিস্ফোরক আন্তর্জাতিক মাত্রা। স্বয়ং বিশ্বজয়ী ফুটবল অধিনায়কের টিম থেকে সরাসরি ইমেল এসে পৌঁছল বিধাননগরের পুলিশ কমিশনারেটে। গত ডিসেম্বরের ‘গোট ট্যুর’-এর যাবতীয় কেলেঙ্কারি ও চূড়ান্ত অব্যবস্থার জন্য সেই মেলে সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। এমনটা যে হতে পারে, কদিন আগেই সেই ইঙ্গিত দিয়েছিলেন অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত। এই মেলের ফলে প্রাক্তন মন্ত্রীর আইনি অস্বস্তি যে কয়েক গুণ বেড়ে গেল, তা স্পষ্ট।

বিধাননগরের পুলিশ কমিশনারকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মেলটি পাঠিয়েছেন মেসির দলেরই এক শীর্ষ কর্মকর্তা, যিনি কলকাতা সফরে মেসির প্রধান পরামর্শদাতা ও ছায়াসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। ফলে তাঁর বয়ানকে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য হাতিয়ার হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল।

শিষ্টাচার ও নিরাপত্তা ভঙ্গের গুরুতর অভিযোগ

অভিযোগপত্রে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে, যুবভারতীতে নির্ধারিত ইভেন্ট চলাকালীন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে প্রবেশ করার পরেই আসল ঝামেলার সূত্রপাত হয়। প্রোটোকল ভেঙে অরূপ বিশ্বাসের সঙ্গে এমন বহু মানুষ সেদিন মাঠে ঢুকে পড়েছিলেন, যাঁদের সেখানে থাকার কোনও পাস ছিল না। নিয়ম অনুযায়ী যেখানে মাত্র তিন জন অফিসিয়াল ফোটোগ্রাফারের থাকার কথা ছিল, সেখানে মন্ত্রীর প্রভাবে প্রায় ৪০ জন ভিড় করে দাঁড়িয়েছিলেন।

এখানেই শেষ নয়, মেলে উল্লেখ করা হয়েছে যে, ভিভিআইপি বক্স ও মাঠে দাঁড়িয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বার বার লিওনেল মেসিকে স্পর্শ করছিলেন এবং নিজের খেয়ালখুশিমতো ছবি তোলার জন্য তাঁর কাঁধে ও কোমরে হাত দিচ্ছিলেন, যা মেসির কাছে অত্যন্ত অস্বস্তিকর ছিল। এই চরম বিশৃঙ্খলা এবং ব্যক্তিগত পরিসর লঙ্ঘিত হওয়ায় মেসি মারাত্মক বিরক্ত হন এবং নিজের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হওয়ায় তিনি সময়ের অনেক আগেই মাঠ ছাড়তে বাধ্য হন। মেসির টিমের পক্ষ থেকে পুলিশকে সাফ জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে যে, এই পরিস্থিতির ওপর আয়োজক শতদ্রু দত্তের কোনও নিয়ন্ত্রণ ছিল না।

আইনি রক্ষাকবচ চ্যালেঞ্জ করে হাইকোর্টে নতুন মামলা

এদিকে মাঠের বিতর্কের রেশ ধরে আদালতের লড়াইতেও নতুন মোড় এসেছে। মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনা শতদ্রু দত্ত এবার সরাসরি প্রাক্তন মন্ত্রীর আইনি ‘রক্ষাকবচ’কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নতুন মামলা দায়ের করেছেন। আদালত ইতিমধ্যেই শতদ্রুকে এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।

এর আগে, থানায় এফআইআর দায়ের হওয়ার পর গ্রেফতারি এড়াতে অরূপ বিশ্বাস আদালতের দ্বারস্থ হলে হাইকোর্টের একক বেঞ্চ তাঁকে গ্রেফতারির হাত থেকে আইনি রক্ষাকবচ দেয়। একক বেঞ্চের সেই নির্দেশকেই এবার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানানো হয়েছে। শতদ্রুর অভিযোগ, যুবভারতীতে মেসিদের এই মেগা ইভেন্টের জন্য মোট ৭০ হাজার টিকিট ছাপানো হয়েছিল, যার মধ্যে ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন ক্রীড়ামন্ত্রী একাই ২২ হাজার টিকিট নিজের দখলে নিয়ে নেন এবং তা মোটা টাকার বিনিময়ে কালোবাজারি করেন। এই বিপুল পরিমাণ টিকিট কেটে নেওয়ার ফলে সাধারণ দর্শকরা বঞ্চিত হন এবং পুরো অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। সব মিলিয়ে, মেসির টিমের এই ইমেল এবং হাইকোর্টে নতুন মামলার জেরে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ওপর চাপ ক্রমশ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *