নিট পরীক্ষার্থী ও যোগ দিবসের জন্য সুখবর, রবিবার ভোর ৪টে থেকেই ছুটবে মেট্রো!

নিট পরীক্ষার্থী ও যোগ দিবসের জন্য সুখবর, রবিবার ভোর ৪টে থেকেই ছুটবে মেট্রো!

আগামী ২১ জুন, রবিবার শহর কলকাতায় আয়োজিত হতে চলেছে দুটি বড় ইভেন্ট। একদিকে যেমন রেড রোডে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে, অন্যদিকে বাতিল হওয়া ‘নিট ইউজি’ (NEET UG) ২০২৬-এর পুনর্পরীক্ষাও অনুষ্ঠিত হবে ওই দিনেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, যোগ দিবস উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী কর্মসূচির মূল অনুষ্ঠানটি রবিবার সকাল ৭টায় শুরু হবে, যার জন্য সকাল সাড়ে ৬টাতেই রেড রোডে সমবেত হবেন সকলে। এই দুই মেগা ইভেন্টের কারণে পরীক্ষার্থী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে রবিবার ভোর ৪টে থেকে ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে সাতসকালে যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো অনেকটাই সহজ হবে সাধারণ মানুষের জন্য।

বাড়তি মেট্রো পরিষেবা ও সময়সূচি

ভোরবেলার যাত্রীদের ভিড় সামলাতে এবং সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে রবিবার ব্লু লাইনে সাধারণ ১৫২টি ট্রেনের বদলে মোট ২১৪টি ট্রেন চালানো হবে। ভোর ৪টে থেকে সকাল ৮টার মধ্যে আপ ও ডাউন লাইনে ১৪ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো মিলবে। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, মহানায়ক উত্তম কুমার এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে ভোর ৪টায় প্রথম ট্রেন ছাড়বে। একইভাবে, গ্রিন লাইনেও ১০৮টির পরিবর্তে ১৭৩টি পরিষেবা পরিচালিত হবে। হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ৫ থেকে ভোর ৪টেয় প্রথম মেট্রো ছাড়বে এবং সকাল ৯টা পর্যন্ত ১০-১৫ মিনিট ব্যবধানে ট্রেন পাওয়া যাবে।

ইয়েলো লাইনের সুবিধা ও অপরিবর্তিত নিয়ম

ইয়েলো লাইনেও সাধারণ ৭৮টি পরিষেবার বদলে মোট ১১২টি পরিষেবা চলবে। এই শাখায় ভোর ৪:১৮ মিনিটে নোয়াপাড়া থেকে এবং ৪:৪০ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে প্রথম মেট্রো ছাড়বে, যা সকাল ৯টা পর্যন্ত ১৮ থেকে ২০ মিনিটের ব্যবধানে চলবে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, তিনটি লাইনেই দিনের শেষ মেট্রোর সময়সূচিতে কোনো বদল আনা হয়নি। এরপর থেকে রবিবারের স্বাভাবিক সময়সূচি মেনেই চলবে মেট্রো। পাশাপাশি, ওই দিন পার্পেল এবং অরেঞ্জ লাইনে কোনো পরিষেবা চালু থাকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *